২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজের কাছে দল কোনোটাই ছোট নয়

যাবতীয় সমীকরণ বলছে, কিছুটা এগিয়ে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু করছে বাংলাদেশ। সিরিজ পূর্ব সেই ভাবনার সঙ্গে দ্বিমত নেই মুস্তাফিজুর রহমানেরও। তবে মাঠের লড়াইয়ে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখেন না এই বাঁহাতি পেসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2021, 05:56 PM

Updated : 02 Aug 2022, 05:49 PM

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন আছে সাতে, শ্রীলঙ্কা নয় নম্বরে। নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নেতৃত্বে তরুণ দল নিয়ে এই সিরিজ থেকে ওয়ানডেতে নতুন যাত্রা শুরু হচ্ছে লঙ্কানদের। বাংলাদেশ সেখানে পাচ্ছে পূর্ণ শক্তির দল, অভিজ্ঞতায় যারা এগিয়ে বেশ।

ওয়ানডে সংস্করণে বাংলাদেশ বরাবরই বেশ আত্মবিশ্বাসী দল। দেশের মাটিতে তাদের সবশেষ ওয়ানডে সিরিজ হার ছিল সেই ২০১৬ সালে। সব মিলিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখা যায়।

মুস্তাফিজ অবশ্য শুরুতে তা মানতেই চাইলেন না। মাঠে বল হাতে তিনি যতটা প্রস্ফুটিত, সংবাদমাধ্যমের সামনে বরাবরই ততটাই গুটিয়ে রাখেন নিজেকে। বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে লঙ্কানদের বিপক্ষে সিরিজের সম্ভাবনার প্রসঙ্গে মুস্তাফিজ উত্তর দিলেন তার মতো করেই।

“আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলছে, কেউ ছোটখাটো নয়। আমার মনে হয়, আমরা দুই দল সমান। দল তো আমি কোনোটাই ছোট দেখি না। দিনশেষে তো আমাদের জিততেই হবে, না?”

দেশের মাঠের সমীকরণ মনে করানোর পর অবশ্য নিজেদের একটু এগিয়ে রাখলেন মুস্তাফিজ। তবে সেখানেও তিনি বেশ সতর্ক।

“আমাদের দেশে আমরা বেশি ম্যাচ জিতেছি, অবশ্যই তাই আমরা এগিয়ে থাকব ওই দিক থেকে।”

“(সিরিজ জয়) সম্ভব তো শতভাগ দেখছি। এখন পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ।”

দেশের মাঠে সবশেষ দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। লঙ্কানদের দিয়ে কি হোয়াইটওয়াশের হ্যাটট্রিক সম্ভব? মুস্তাফিজ মিলিয়ে দিলেন সরল অঙ্ক।  

“এটা খেলার পরে বলতে পারব, খেলার আগে বলতে পারব না।”