ছিটকে গেলেন গ্র্যান্ডহোম, প্রথম টেস্টে নেই প্যাটেল
চোট শঙ্কা ছিল আগে থেকেই, তবুও কলিন ডি গ্র্যান্ডহোম ও এজাজ প্যাটেলকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে রেখেছিল নিউ জিল্যান্ড। সময়মতো সেরে উঠতে না পারায় টেস্ট সিরিজ শেষ অলরাউন্ডার গ্র্যান্ডহোমের। বাঁহাতি স্পিনার প্যাটেল নেই প্রথম টেস্টে।
গত ১৭ নভেম্বর ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টের জন্য দল ঘোষণা করে নিউ জিল্যান্ড। এই দুইজন ছিলেন কেবল টেস্ট দলে।
ডান পায়ের চোটে গ্র্যান্ডহোমের ছিটকে পড়ার কথা বুধবার জানায় নিউ জিল্যান্ড ক্রিকেট। তার পরিবর্তে দলে এসেছেন অলরাউন্ডার ড্যারিল মিচেল। আর প্যাটেলের জায়গায় মিচেল স্যান্টনারকে ডেকেছে তারা।
আগামী শুক্রবার টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। পরের দুই ম্যাচ রোববার ও সোমবার। প্রথম টেস্ট ৩ ডিসেম্বর শুরু হবে, পরেরটি ১১।
