মাহমুদউল্লাহর স্মৃতিতে রামচাঁদ গোয়ালা
সকালে ঘুম থেকে ওঠার পরপরই খবরটি পেয়েছেন মাহমুদউল্লাহ; রামচাঁদ গোয়ালা আর নেই। মনটা ভারাক্রান্ত তখন থেকেই। চোখে ভেসে উঠছে টুকরো টুকরো অনেক ছবি। জাগছে আক্ষেপ, আরেকটিবার যদি দেখা হতো কিংবদন্তির সঙ্গে!
এই জগতে সেই দেখা আর হবে না। শুক্রবার ভোরে ময়মনসিংহের বাড়িতে মারা গেছেন কিংবদন্তি ক্রিকেটার গোয়ালা। তার প্রয়াণের শোক প্রবলভাবে স্পর্শ করেছে মাহমুদউল্লাহকে।
ময়মনসিংহের কোনো ক্রিকেটারের সঙ্গে রামচাঁদ গোয়ালার স্মৃতি নেই, হতেই পারে না। শহরের ক্রিকেটের সূতিকাগার সার্কিট হাউস মাঠ। প্রায় সবার ক্রিকেটের শুরু ও এগিয়ে চলা বিশাল এই প্রাঙ্গনেই। এখানে খেলেই নিজেকে শাণিত করেছিলেন গোয়ালা, এখান থেকেই পরে রাজত্ব করেছেন ঢাকার ক্রিকেটে। ৫৩ বছর পর্যন্ত ঢাকার ক্লাব ক্রিকেটে খেলেছেন। সেই পাট চুকিয়ে আবার ফিরে গেছেন ময়মনসিংহে। আবার সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে বিচরণ, এবার ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তোলায়। সেই পালায়ই গোয়ালার চোখে পড়েছিলেন মাহমুদউল্লাহ।
গোয়ালার চলে যাওয়ার দিনে মাহমুদউল্লাহর মনে ভিড় করছে সেই সব স্মৃতি।
“অনেক আদর করতেন আমাকে। যখনই দেখা হতো, ভালো ভালো কথাই বলতেন। ময়মনসিংহের ক্রিকেট নিয়ে অনেক টান ছিল তার। আমি জাতীয় দলে ব্যস্ত হওয়ার পর আর সেভাবে দেখা হতো না।”
এই দেখা না হওয়ার আক্ষেপই পোড়াচ্ছে মাহমুদউল্লাহকে।
“সেদিনও সাইফুল ভাইয়ের (ময়মনসিংহ থেকে আসা আরেক জাতীয় ক্রিকেটার) সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে গোয়ালাদার শরীর বেশি ভালো না। এখন তো ময়মনসিংহে খুব বেশি যাওয়া হয় না। শরীর খারাপ শুনে মনে হয়েছিল, আবার গেলে দেখা করব। সেই সুযোগটা হলো না, খুব খারাপ লাগছে।”
“উনার চলে যাওয়ার খবর শোনার পর বাবা ফোন করেছিলেন। বাবার বন্ধুর মতো ছিলেন, একসঙ্গে ফুটবল খেলেছেন। অনেক কথা, অনেক স্মৃতি উঠে এলো। আসলে উনার মতো মানুষ হয় না।”
মাহমুদউল্লাহর মনে সবচেয়ে বেশি দাগ কেটে আছে মানুষ রামচাঁদ গোয়ালার ছবিটাই।
“মানুষ হিসেবে ছিলেন অসাধারণ। অসম্ভব বিনয়ী। তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা জীবনে শুনিনি। ময়মনসিংহে যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, সবাই তাকে নিয়ে ভালো কথা বলবে। উনার আত্মার শান্তি কামনা করছি।”
