২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ আমির

স্টিভেন স্মিথকে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশিবার আউট করতে পারেননি মোহাম্মদ আমির। তবে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানের শ্রদ্ধা ঠিকই আদায় করে নিতে পেরেছেন। এক প্রশ্নের জবাবে স্মিথ জানিয়েছেন, তার মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন বোলার পাকিস্তানের বাঁহাতি পেসার আমির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 07:40 PM

Updated : 08 Apr 2022, 12:56 AM

ইনস্টাগ্রামে রোববার ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন স্মিথ। এক ভক্ত জানতে চান, “তার মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন বোলার কে?” জবাবে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান বলেন আমিরের নাম।

“আমি যাদের মুখোমুখি হয়েছি তাদের মধ্যে সবচেয়ে দক্ষ বোলার সে।”

বর্তমানে অবশ্য টেস্ট ক্রিকেট খেলছেন না আমির। সাদা বলের ক্রিকেটে মনযোগ বাড়াতে গত বছর লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দেন তিনি।

স্মিথ ও আমিরের শ্রদ্ধা পারস্পরিক। গত মাসে আমির জানান, তার মুখোমুখি হওয়া বর্তমান ব্যাটসম্যানদের মধ্যে সেরা স্মিথ।

আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হওয়া ১৮ ম্যাচে স্মিথকে তিনবার আউট করেছেন আমির। প্রতি সংস্করণে একবার করে। ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ও টেস্টে স্মিথকে একবার করে ফেরান তিনি। ওই বছরই স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হন পাঁচ বছরের জন্য। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ২০১৭ সালে ব্রিসবেনে ওয়ানডেতে স্মিথকে কট বিহাইন্ড করান আমির।