চার দিনের টেস্টের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটাররা
চার দিনের টেস্টের বিপক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ‘ফিকা’।
২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাধ্যতামূলক হতে পারে চার দিনের টেস্ট। ক্যালেন্ডারে বাড়তি সময় পেতে এবং ক্রিকেটারদের চাপ কমাতে চলতি বছর চার দিনের ম্যাচের ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে বিবেচনা করতে পারে আইসিসি।
বুধবার এক বিবৃতিতে নিজেদের মত জানায় ফিকা। তাদের শঙ্কা, বেঁচে যাওয়া সময়ে সংক্ষিপ্ত সংস্করণের আরও টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে। তাই ক্যালেন্ডারে বাড়তি সময় কিভাবে ব্যবহার করা হবে, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠনটি।
এরই মধ্যে চার দিনের টেস্ট চালুর পক্ষে মত দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই পরিকল্পনার পক্ষে ইংল্যান্ডও নিজেদের অবস্থান জানিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখবে বলে জানিয়েছে।
ক্রিকেট দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও আইসিসির চার দিনের টেস্টের পরিকল্পনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এমন প্রস্তাবে নিজের সায় নেই বলে সম্প্রতি পরিষ্কার করে জানান ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
