দ. আফ্রিকার প্রতিরোধ ভেঙে লিডের পথে ইংল্যান্ড
ডিন এলগার ও রাসি ফন ডার ডাসেনের শতরানের জুটিতে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বোলারদের মিলিত চেষ্টায় ঘুরে দাঁড়িয়ে উল্টো লিডের পথে ইংল্যান্ড।
কেপ টাউন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ২১৫ রান। ভারনন ফিল্যান্ডার ব্যাট করছেন ১৩ রানে। এখনও ৫৪ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
নিউল্যান্ডসে শনিবার ৯ উইকেটে ২৬২ রান নিয়ে খেলা শুরু করে ২৬৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৭ চারে ৬১ রানে অপরাজিত থাকেন ওলি পোপ।
স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের ছোবলে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। অভিষিক্ত পিটার মালানকে ফিরিয়ে শিকার শুরু করেন ব্রড। পরে বিদায় করেন জুবায়ের হামজাকে। অধিনায়ক ফাফ দু প্লেসিকে দ্রুত থামান অ্যান্ডারসন।
৪০ রানে ৩ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে টানেন এলগার ও ফন ডার ডাসেন। ১১৭ রানের জুটি ভাঙে এলগারের বাজে শটে। ডম বেসের বলে জো রুটকে ক্যাচ দিয়ে ফিরে যান স্বাগতিক ওপেনার। ১৮০ বলে খেলা তার ৮৮ রানের ইনিংস গড়া ১০ চারে।
দারুণ এক স্লোয়ারে কুইন্টন ডি কককে বিদায় করেন স্যাম কারান। খানিক পর ফন ডার ডাসেনকেও ফেরান পেসার কারান। লোয়ার অর্ডারে ছোবল দেন অ্যান্ডারসন। দ্বিতীয় নতুন বলের প্রথম ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসকে বিদায় করার পর দিনের শেষ ওভারে তুলে নেন কেশভ মহারাজের উইকেট।
এক সময়ে ৩ উইকেটে ১৫৭ রানের দৃঢ় অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারায় কেবল ৫৮ রানে।
৩৪ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার অ্যান্ডারসন। দুটি করে উইকেট নেন কারান ও ব্রড।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৬৯
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮৪.৪ ওভারে ২১৫/৮ (এলগার ৮৮, মালান ৫, হামজা ৫, দু প্লেসি ১, ফন ডার ডাসেন ৬৮, ডি কক ২০, ফিল্যান্ডার ১৩*, প্রিটোরিয়াস ৪, মহারাজ ৪; অ্যান্ডারসন ১৬.৪-৬-৩৪-৩, ব্রড ১৬-৪-৩৬-২, কারান ১৩-৩-৩৯-২, বেস ২৭-৩-৬২-১, স্টোকস ৯-০-৩৪-০, রুট ৩-১-৪-০)
