২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নার ১০০, শ্রীলঙ্কা ৯৯

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ঘরের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সেটিও আবার ৩৩তম জন্মদিনে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ডেভিড ওয়ার্নারের জন্য অনেক দিক দিয়েই ছিল বড় উপলক্ষ। সেই উপলক্ষকে বাঁহাতি ওপেনার স্মরণীয় করে রাখলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরিতে। সঙ্গে অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া পেল পাহাড়সম সংগ্রহ। বোলারদের দারুণ বোলিংয়ে এরপর ধরা দিল রেকর্ড ব্যবধানের জয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 02:00 PM

Updated : 10 Oct 2022, 09:32 PM

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে  শ্রীলঙ্কাকে ১৩৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

অ্যাডিলেইডে রোববার অস্ট্রেলিয়ার ২৩৩ রান তাড়ায় লঙ্কানরা পুরো ২০ ওভার খেলে তুলতে পারে মোটে ৯৯ রান। অপরাজিত ১০০ রানের ইনিংসে ম্যাচসেরা হয়েছেন ওয়ার্নার।

রানের ব্যবধানে টি-টোয়েন্টিতে এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়। গত বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০০ রানের জয় ছিল আগের রেকর্ড। শ্রীলঙ্কার এটি সব প্রতিপক্ষ মিলিয়েই সবচেয়ে বড় পরাজয়।

টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া উড়ন্ত শুরু পায় ওয়ার্নার ও ফিঞ্চের ব্যাটে। লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গার আটঁসাটঁ বোলিং সত্ত্বেও পাওয়ার প্লের ৬ ওভারে আসে ৫৭ রান। পেসার কাসুন রাজিথার ২ ওভার থেকেই আসে ৩২। 

এরপর প্রতি ওভার থেকেই চার-ছক্কা আদায় করেছেন দুই ওপেনার। দশম ওভারে রাজিথাকে ছক্কা মেরে ৩১ বলে ফিফটিতে পৌঁছান ফিঞ্চ। সেই ওভারের শেষ তিন বলে টানা দুই ছক্কা ও একটি চারে ওয়ার্নার ফিফটি করেন ২৮ বলে। ওভার থেকে আসে ২৫ রান।

পরের ওভারে লাকশান সান্দাক্যানের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন ফিঞ্চ। ৩৬ বলে ৬৪ রানের ইনিংসে আটটি চারের পাশে ছিল তিনটি ছক্কা।

অস্ট্রেলিয়ান অধিনায়কের সঙ্গে ওয়ার্নারের ১২২ রানের জুটি ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড।

পরের ব্যাটসম্যানদের ধ্বংসযজ্ঞের মঞ্চ তখন প্রস্তুত। ব্যাটিং অর্ডারে প্রমোশন নিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে নামানো হয় তিনে। তার ব্যাটিংয়ে মিলে যায় দলের চাওয়া।

শুরু থেকেই আগ্রাসী ছিলেন ম্যাক্সওয়েল। সান্দাকানকে টানা দুই চার মারার পরের ওভারে ভানিদু হাসারাঙ্গার টানা দুই বলে মারেন চার ও ছক্কা। সেই ওভারে একটি করে ছক্কা ও চার এসেছে ওয়ার্নারের ব্যাট থেকেও।

১৮তম ওভারে আবারও রাজিথার হাতে বল তুলে দিয়েছিলেন মালিঙ্গা। এবারও তার উপর ঝড় চালান দুই ব্যাটসম্যান। তৃতীয় বলে চার মেরে টি-টোয়েন্টিতে নিজের আগের সর্বোচ্চ রান ছাড়িয়ে যায় ওয়ার্নার। শেষ দুই বলে ম্যাক্সওয়েল মারেন দুটি ছক্কা, মাত্র ২২ বলে স্পর্শ করেন ফিফটি।

অকৃপণ রান বিলিয়ে বিব্রতকর এক রেকর্ড নিজের করে নিয়েছেন রাজিথা। ৪ ওভারে দিয়েছেন ৭৫ রান, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড।

ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি স্পর্শ করেন ওয়ার্নার। ৫৬ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে ১০টি চারের পাশাপাশি ছিল চারটি ছক্কা।

শেষ ওভারে ফেরার আগে ২৮ বলে সাত চার ও তিন ছক্কায় ৬২ রান করেন ম্যাক্সওয়েল।

রান তাড়ায় মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের বোলিং তোপে ১৩ রানের মধ্যেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় শ্রীলঙ্কা। কুশল পেরেরার সাথে ওশাদা ফার্নান্দোর জুটিতে চতুর্থ উইকেটে গড়ে উঠছিল প্রতিরোধ। ফার্নান্দোকে বোল্ড করে ৩৩ রানের জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার।

দ্বিতীয় স্পেলে ফিরেই দূর্দান্ত এক ইয়র্কারে ১৬ রান করা কুশলকে ফেরান স্টার্ক। লোয়ার মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা এরপর বলার মতো কিছু করতে পারেননি। শানাকার ১৭ ও মালিঙ্গার অপরাজিত ১৩ রানের ইনিংস কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। পুরো ২০ ওভার ব্যাট করে এত কম রান এর আগে কখনোই করেনি লঙ্কানরা।

৪ ওভারে ১৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার লেগস্পিনার অ্যাডাম জাম্পা। স্টার্ক ও কামিন্স পেয়েছেন দুটি করে উইকেট।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী বুধবার, ব্রিজবেনে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ২৩৩/২ (ফিঞ্চ ৬৪, ওয়ার্নার ১০০*, ম্যাক্সওয়েল ৬২, টার্নার ১*; মালিঙ্গা ৪-০-৩৭-০, রাজিথা ৪-০-৭৫-০, প্রদিপ ৪-০-২৮-০, সান্দাক্যান ৪-০-৪১-১, হাসারাঙ্গা ৩-০-৪২-০, শানাকা ১-০-১০-১)

শ্রীলঙ্কা: ২০ ওভারে ৯৯/৯ (গুনাথিলাকা ১১, মেন্ডিস ০, রাজাপাকসে ২, কুসল ১৬, ফার্নান্দো ১৩, শানাকা ১৭, হাসারাঙ্গা ৫, সান্দাকান ৬, মালিঙ্গা ১৩*, রাজিথা ০, প্রদিপ ৮*; স্টার্ক ৪-০-১৮-২, রিচার্ডসন ৪-০-২১-০, কামিন্স ৪-০-২৭-২, জাম্পা ৪-০-১৪-৩, অ্যাগার ৪-০-১৩-১)

ফল: অস্ট্রেলিয়া ১৩৪ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: ডেভিড ওয়ার্নার।