২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াটলিংয়ের ব্যাটে নিউ জিল্যান্ডের লড়াই

দ্বিতীয় ইনিংসে নিউ জিল্যান্ডের বাজে শুরুর পর দলকে টানছেন বিজে ওয়াটলিং। কিপার-ব্যাটসম্যানের দৃঢ়তায় শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে লড়াইয়ের পুঁজি গড়ছে কেন উইলিয়ামসনের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2019, 07:08 PM

Updated : 18 Aug 2022, 05:38 PM

তৃতীয় দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৯৫ রান। ওয়াটলিং ৬৩ রানে ব্যাট করছেন। তার ১৩৮ বলের দায়িত্বশীল ইনিংস গড়া ৫ চারে। ৩ উইকেট হাতে নিয়ে ১৭৭ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা।   

উইকেট থেকে টার্ন পাচ্ছেন স্পিনাররা। তবে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা থাকলে বোলারদের সামলানো যে খুব কঠিন নয় তা দেখিয়েছেন ওয়াটলিং। লঙ্কান তিন স্পিনারকে দারুণভাবে সামাল দিয়ে টানছেন দলকে।

১৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউ জিল্যান্ড দ্রুত হারায় ওপেনার জিত রাভাল ও দুই ব্যাটিং ভরসা উইলিয়ামসন ও রস টেইলরকে। চতুর্থ উইকেটে অর্ধশত রানের জুটিতে দলকে টানেন টম ল্যাথাম ও হেনরি নিকোলস।

৪৫ রান করা ল্যাথামকে ফিরিয়ে ৫৬ রানের জুটি ভাঙেন প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া আকিলা দনাঞ্জয়া। থিতু হয়ে ফিরেন নিকোলস।

উইলিয়ামসন-টেইলরকে ফেরানো বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া দ্রুত ফেরান মিচেল স্যান্টনারকে। এরপরই টিম সাউদিকে নিয়ে প্রতিরোধ গড়েন ওয়াটলিং। ধীরে ধীরে এগিয়ে যায় নিউ জিল্যান্ড।

দিনের খেলার শেষ দিকে দারুণ এক ডেলিভারিতে সাউদিকে স্টাম্পড করে ৫৪ রানের জুটি ভাঙেন এম্বুলদেনিয়া। বাকি সময়টা উইলিয়াম সমারভিলকে নিয়ে কাটিয়ে দেন ওয়াটলিং। স্বাগতিকদের দুইশ ছাড়ানো লক্ষ্য দিতে তার দিকেই তাকিয়ে আছে নিউ জিল্যান্ড।

৭১ রানে ৪ উইকেট নেন এম্বুলদেনিয়া। অফ স্পিনিং অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা ২ উইকেট নেন ১৬ রানে।

এর আগে শুক্রবার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে ২২৭ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৬৭ রানে।

সুরঙ্গা লাকমলকে বোল্ড করে ৮১ রানের অষ্টম উইকেট জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট। ৯৮ বলে দুই ছক্কা ও তিন চারে ৪০ রান করেন লাকমল।

এরপর বেশি দূর এগোয়নি শ্রীলঙ্কার ইনিংস। তিন চারে ৬১ রান করা নিরোশান ডিকভেলাকে থামান সমারভিল। পরে এম্বুলদেনিয়াকে এলবিডব্লিউ করে গুটিয়ে দেন লঙ্কানদের প্রথম ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ২৪৯

শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন শেষে ২২৭/৭) ৯৩.২ ওভারে ২৬৭ (ডিকভেলা ৬১, লাকমল ৪০, এম্বুলদেনিয়া ৫, কুমারা ০*; বোল্ট ২০-৪-৪৫-২, সাউদি ৭-৩-১৭-০, সমারভিল ২২.২-৩-৮৩-৩, প্যাটেল ৩৩-৬-৮৯-৫, স্যান্টনার ১১-০-৩১-০)

নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ৭৬ ওভারে ১৯৫/৭ (রাভাল ৪, ল্যাথাম ৪৫, উইলিয়ামসন ৪, টেইলর ৩, নিকোলস ২৬, ওয়াটলিং ৬৩*, স্যান্টনার ১২, সাউদি ২৩, সমারভিল ৫*; লাকমল ৮-১-২৫-০, দনাঞ্জয়া ২৪-৩-৫৬-১, ডি সিলভা ১০-৩-১৬-২, এম্বুলদেনিয়া ২৯-৩-৭১-৪, কুমারা ৫-০-১৯-০)