১৪ রানে অল আউট!
দলের ব্যক্তিগত সর্বোচ্চ রান ৪। অপরাজিত একজনসহ সাত ব্যাটার পাননি রানের দেখা। দলের অবস্থাও অনুমান করে নেওয়ার যায়! সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের বিপক্ষে ১৪ রানেই অলআউট হয়েছে চীনের মেয়েরা। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন দলীয় স্কোর।
থাইল্যান্ডের উইমেন্স টি-টোয়েন্টি স্ম্যাশে রোববার ব্যাংককে এই বিব্রতকর অভিজ্ঞতা হয়েছে চীনের মেয়েদের। আমিরাতের মেয়েরা ২০ ওভারে তুলেছিল ৩ উইকেটে ২০৩ রান। রান তাড়ায় চীন ১০ ওভারে গুটিয়ে গেছে ১৪ রানে।
সর্বোচ্চ ৪ রান করেছেন হান লিলি। ৩ রানে আউট হয়েছেন দুইজন। একজন করেছেন ২। আর কেউ রান করতে পারেননি।
ছেলে-মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সব আঙিনা মিলিয়েই এটি সবচেয়ে কম রানের দলীয় স্কোর।
গত অগাস্টে ব্রাজিলের বিপক্ষে মেক্সিকোর ১৮ রান ছিল মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগের সর্বনিম্ন রান।
আমিরাতের ১৮৯ রানের জয় সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় জয়ের আগের রেকর্ড ছিল লেসেথোর বিপক্ষে নামিবিয়ার ১৭৯ রানের জয়।
