অবশেষে বাংলাদেশ ‘এ’ দলে তুষার ইমরান
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা। রেকর্ডের পর রেকর্ড। বছরের পর বছর উপেক্ষিত থেকেও নির্বাচকের দুয়ারে কড়া নেড়ে যাওয়া। অবশেষে সেই নিবেদন, সেই পারফরম্যান্সের পুরস্কার খানিকটা পেলেন তুষার ইমরান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান ডাক পেলেন বাংলাদেশ ‘এ’ দলে।
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছেন তুষার। দলে আছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল থেকে বাদ পড়া দুই ব্যাটসম্যান সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও তরুণ অফ স্পিনার নাঈম হাসান।
আগেই টেস্ট দল থেকে বাদ পড়া সৌম্য সরকার ও সীমিত ওভারের দল থেকে বাদ পড়া অলরাউন্ডার সাইফ উদ্দিনও সুযোগ পেয়েছেন নিজেদের দাবি জানানোর।
ঘরোয়া ক্রিকেটের পারফরমার ও সম্ভাবনাময় তরুণ, এই দুইয়ের সমন্বয় রাখা হয়েছে ‘এ’ দলের স্কোয়াডে।
ওপেনার মিজানুর রহমন যেমন পেয়েছেন পারফরম্যান্সের পুরস্কার। এবার জাতীয় লিগে ৫ ম্যাচে ৩ সেঞ্চুরিতে ৮২ গড়ে ৪৯২ রান করেছেন রাজশাহীর এই ওপেনার। বিসিএলে ৬ ম্যাচে ২ সেঞ্চুরিতে করেছিলেন ৪৩৯ রান। ঢাকা প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ২ সেঞ্চুরিতে করেছিলেন ৫২৯।
মিজানুরের সঙ্গে আছেন আরেক ওপেনার সাদমান ইসলাম। এবার ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে করেছেন ৪৬২ রান, বিসিএলে ৬ ম্যাচে ৫০০ রান।
সুযোগ পেয়েছেন আফিফ হোসেন, সম্ভাবনা আর পারফরম্যান্স, দুটিই আছে যার পক্ষে। এবার বিসিএলের শেষ তিন ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি করেছেন ১৮ বছর বয়সী এই অলরাউন্ডার। ঢাকা লিগে ১০ ম্যাচে রান করেছিলেন ৩২১।
এবার ঢাকা প্রিমিয়ার লিগ ও বিসিএলে প্রথম খেলতে নেমেই দারুণ নজর কাড়া ১৭ বছর বয়সী বাঁহাতি পেসার শরিফুল ইসলাম আছেন দলে। আছেন একদমই আনকোরা রিশাদ আহমেদ, সম্প্রতি যিনি সুযোগ পেয়েছেন হাই পারফরম্যান্সের স্পিন স্কোয়াডে।
তিনটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে আগামী শনিবার ঢাকায় আসছে শ্রীলঙ্কা ‘এ’ দল। প্রথম চারদিনের ম্যাচ কক্সবাজারে ২৬ জুন থেকে।
বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন।
