২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডসে ফেরা নিয়ে রোমাঞ্চিত তামিম

চোট নিয়েও অসাধারণ সেই সেঞ্চুরি, স্মরণীয় সেই উদযাপন। লর্ডসের অর্নাস বোর্ডে নাম তুলে স্বপ্ন পূরণের গল্প। তামিম ইকবালের ক্যারিয়ারেই শুধু নয়, বাংলাদেশ ক্রিকেটেই সেটি হয়ে আছে রোমাঞ্চকর এক অধ্যায়। সেই মাঠে আবার খেলবেন তামিম। ক্রিকেট তীর্থে ফেরার সুযোগ পেয়ে তামিমকে ছুঁয়ে যাচ্ছে দারুণ রোমাঞ্চ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2018, 08:01 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

গত বছর হারিকেন আরমা ও মারিয়ায় ওয়েস্ট ইন্ডিজের ক্ষতিগ্রস্ত স্টেডিয়ামগুলোর সংস্কারে সাহায্য করার জন্য একটি চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করেছে আইসিসি। আগামী ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের ম্যাচটি হবে লর্ডসে। সেই ম্যাচে বিশ্ব একাদশে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম।

একটি মহৎ উদ্যোগের অংশ হতে পারার সন্তুষ্টি তো আছেই, তামিম ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন ভেন্যুর কারণেও। লর্ডসে বাংলাদশ সবশেষ খেলেছে ২০১০ সালের মে মাসে। সেই টেস্ট বিশেষ জায়গা নিয়ে আছে তামিমের হৃদয়ে।

যার হাত ধরে ক্রিকেট খেলার শুরু, সেই প্রয়াত বাবার কাছ থেকে লর্ডসের অনেক গল্প শুনতেন তামিম। ছেলেবেলায় স্বপ্ন দেখতেন সেই ভেন্যুতে খেলার। বাবার কাছ থেকেই শুনতেন লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলার মর্যাদা কত বড়। লক্ষ্যটাও তাই মনে গেঁথে রেখেছিলেন।

সেই স্বপ্ন পূরণ করেন লর্ডসে নিজের প্রথম ম্যাচেই। ইংল্যান্ডের বিপক্ষে ওই টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ৫৫ রানে। পরে চোট নিয়েও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন ৯৪ বলে। চোখধাঁধানো সব স্ট্রোকের মত নজরকাড়া ছিল তার সেঞ্চুরি উদযাপনও।

২০১০ সালের পর বাংলাদেশ আবার ইংল্যান্ডে খেলতে যায় গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে এই টুর্নামেন্টের খেলা ছিল না লর্ডসে। এবার বিশ্ব একাশের ম্যাচ দিয়ে তামিম আবার পা রাখবেন মর্যাদার ভেন্যুতে। তাকে দোলা দিচ্ছে আট বছর আগের সুখস্মৃতি।

“লর্ডসে খেলা যে কোনো ক্রিকেটারের জন্য দারুণ সম্মানের। এই মাঠে আমার একমাত্র আন্তর্জাতিক ম্যাচটি ছিল ২০১০ সালে। চেষ্টা করব সেই স্মৃতিকে এবারও ফিরিয়ে আনার। সময়ের সেরা সব ক্রিকেটারের সঙ্গে ও বিপক্ষে খেলাটাও উপলক্ষ্যটাকে আরও স্মরণীয় করে তুলবে।”