২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেহেল, কুলদীপের স্পিনে গুঁড়িয়ে গেল দ.আফ্রিকা

চোটের জন্য এবি ডি ভিলিয়ার্স, ফাফ দু প্লেসিকে খুইয়ে দুর্বল হয়ে পড়া দক্ষিণ আফ্রিকা দাঁড়াতেই পারেনি ভারতের সামনে। দুই রিস্ট স্পিনার যুজবেন্দ্র চেহেল ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে গুঁড়িয়ে গেছে স্বাগতিকরা। টানা দ্বিতীয় ম্যাচে ভারত পেয়েছে সহজ জয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 07:16 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল। এই জয়ে ছয় ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অতিথিরা।

দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের সর্বনিম্ন ১১৮ রানে গুটিয়ে দেওয়া ভারত জয় তুলে নেয় ১৭৭ বল বাকি রেখে।

ছোট পুঁজি নিয়ে লড়াইও করতে পারেননি দক্ষিণ আফ্রিকা। তারা নিতে পেরেছে কেবল রোহিত শর্মার উইকেট। ২৬ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর বিরাট কোহলিকে নিয়ে বাকিটা সারেন অন্য ওপেনার শিখর ধাওয়ান।

৫৬ বলে ৯টি চারে ৫১ রানে অপরাজিত থাকেন ধাওয়ান। জয়কে সঙ্গী করে ফেরা কোহলি ৫০ বলে করেন ৪৬ রান।

হাসি মুখে মাঠ ছাড়া কোহলি হাসেন সকালেও। জিতেন টস, নেন ফিল্ডিং। যে জন্য বোলিং নেওয়া তা পুরোপুরি পূরণ করেন চেহেল, কুলদীপ।

দক্ষিণ আফ্রিকার শুরুটা দেখে বোঝা যায়নি কী দুঃস্বপ্ন তাদের জন্য অপেক্ষা করছে। পেসারদের ঠিকঠাক খেলছিলেন হাশিম আমলা ও কুইন্টন ডি কক। দশম ওভারে আমলাকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন ভুবনশ্বের কুমার। দু প্লেসির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া এইডেন মারক্রামকে নিয়ে স্বাগতিকদের ১ উইকেটে ৫১ রানে নিয়ে যান ডি কক।

এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দুই রিস্ট স্পিনার। চেহেল ও কুলদীপ মিলে ৪২ রানে ৮ উইকেট নিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেন দক্ষিণ আফ্রিকার ইনিংস।

ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়া লেগ স্পিনার চেহেল ছিলেন বেশি ভয়ঙ্কর। ডি কককে দিয়ে শুরু করেন উইকেট শিকার। সর্বোচ্চ ২৫ রান করা দুই ব্যাটসম্যান জেপি দুমিনি ও খায়া ঝন্ডো চেহেলের ফাঁদে পড়েন।

চায়নাম্যান কুলদীপ ধরেন সঙ্গত। মারক্রাম, ডেভিড মিলারকে দ্রুত ফিরিয়ে দেন তিনি। তার তৃতীয় শিকার কাগিসো রাবাদা। কুলদীপ ৩ উইকেট নেন ২০ রানে।  মর্নে মর্কেলের পর ক্রিস মরিসের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেন চেহেল। ২২ রানে ৫ উইকেট নিয়ে তিনিই ভারতের সেরা বোলার। দুই রিস্ট স্পিনারের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংস শেষেই ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা শেষ হয়ে যায়। বাকিটা সহজেই সারে ভারতের টপ অর্ডার।

আগামী বুধবার কেপ টাউনের নিউল্যান্ডসে হবে তৃতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩২.২ ওভারে ১১৮ (আমলা ২৩, ডি কক ২০, মারক্রাম ৮, দুমিনি ২৫, মিলার ০, ঝন্ডো ২৫, মরিস ১৪, রাবাদা ১, মর্কেল ১, তাহির ০, শামসি ০*; ভুবনেশ্বর ১/১৯, বুমরাহ ১/১২, পান্ডিয়া ০/৩৪, চেহেল ৫/২২, কুলদীপ ৩/২০, কেদার ০/১১)

ভারত: ২০.৩ ওভারে ১১৯/১ (রোহিত ১৫, ধাওয়ান ৫১*, কোহলি ৪৬*; মর্কেল ০/৩০, রাবাদা ১/২৪, মরিস ০/১৬, তাহির ০/৩০, শামসি ০/১৮)

ফল: ভারত ৯ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: যুজবেন্দ্র চেহেল