২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরহাদের ফিফটি, খালেদের ৪ উইকেট

নিয়মিত উইকেট পতনের মধ্যে উত্তরাঞ্চলকে তিনশ রানের কাছে নিয়ে গেছেন ফরহাদ হোসেন। ৪ উইকেট তুলে নিয়ে পূর্বাঞ্চলকে ম্যাচে রেখেছেন তরুণ পেসার খালেদ আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2018, 07:56 PM

Updated : 08 Apr 2022, 05:45 PM

বিসিএলের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৮ উইকেটে ২৭৩ রান। ২ উইকেট হাতে নিয়ে দলটি এগিয়ে ২৪৯ রানে। ফরহাদ রেজা ৩০ ও তাইজুল ইসলাম ৩ রানে অপরাজিত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বিনা উইকেটে ৩৬ রান নিয়ে খেলা শুরু করে উত্তরাঞ্চল। আগের দিন ১৯ রান করা মিজানুর রহমান এদিন ১ রান যোগ করেই ফিরে যান। তাকে বিদায় করে উইকেট শিকার শুরু করেন খালেদ।

আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তকে ফেরান বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। মিডল অর্ডারে ছোবল দেন খালেদ। নাঈম ইসলাম, জহুরুল ইসলাম ও ধীমান ঘোষকে দ্রুত ফিরিয়ে দেন ডানহাতি এই পেসার।

১১৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা উত্তরাঞ্চলের ত্রাতা ফরহাদ। আরিফুল হকের সঙ্গে ৪৯, সোহরাওয়ার্দীর সঙ্গে ৩৯ আর রেজার সঙ্গে ৬৮ রানের তিনটি জুটিতে দলকে লড়াইয়ে রাখেন টপ অর্ডার এই ব্যাটসম্যান।

শেষ বেলায় ফরহাদের প্রতিরোধ ভাঙেন আবু জায়েদ। তরুণ এই পেসারের বলে ইমতিয়াজ হোসেনকে ক্যাচ দিয়ে শেষ হয় ফরহাদের ১৮৪ বলে ১০টি চার ও একটি ছক্কায় গড়া ৮৫ রানের ইনিংস।  

৮৬ রানে ৪ উইকেট নেন খালেদ। জায়েদ ২ উইকেট নেন ৬৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৮৭

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ২১১

উত্তরাঞ্চল ২য় ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ৩৬/০) ৭৭.২ ওভারে ২৭৩/৮ (শান্ত ৩১, মিজানুর ২০, ফরহাদ ৮৫, নাঈম ১, জহুরুল ১৬, ধীমান ২৩, আরিফুল ২৮, শুভ ২৩, রেজা ৩০*, তাইজুল ৩*; জায়েদ ২/৬৪, রানা ১/৫৫, খালেদ ৪/৮৬, সোহাগ ১/৪৩, মুমিনুল ০/১৯)