২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুব বিশ্বকাপ দলে নতুন মুখ টিপু সুলতান

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে নতুন মুখ একটি। যুব দলের হয়ে কোনো ম্যাচ না খেলা টিপু সুলতান জায়গা পেয়েছেন ১৫ সদস্যের দলে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 02:14 PM

Updated : 19 Aug 2022, 06:07 PM

যুব এশিয়া কাপের ব্যর্থতায় ছিটকে পড়েছেন সাখাওয়াত হোসেন। তার জায়গায় দলে এসেছেন আরেক বাঁহাতি স্পিনার টিপু। মালয়েশিয়ায় খেলা সেই টুর্নামেন্টের বাংলাদেশ দলে পরিবর্তন এই একটিই।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দল ঘোষণা করেন জুনিয়র নির্বাচক কমিটির প্রধান এহসানুল হক। দুপুরে এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলকে নেতৃত্ব দেবেন টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। তার ডেপুটি হিসেবে থাকবেন অলরাউন্ডার আফিফ হোসেন।

আগামী ১৩ জানুয়ারি নিউ জিল্যান্ডে শুরু হবে যুব বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনাল ৩ ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রথম লক্ষ্য টানা দ্বিতীয়বারের মতো সেমি-ফাইনাল নিশ্চিত করা। দলের মধ্যে সেই সামর্থ্য দেখেন এহসানুল। 

“আমাদের এই দলটা নিয়ে আমরা আশাবাদী। আশা করছি, এবারও তারা সেমি-ফাইনাল খেলতে পারবে। নিউ জিল্যান্ডের কন্ডিশনে পারফর্ম করার জন্য যে ধরনের খেলোয়াড় দরকার, আমাদের দল সে রকম খেলোয়াড় আছে।”

জুনিয়র নির্বাচক কমিটির প্রধান এহসানুলের কাছে তেমনই একজন ক্রিকেটার টিপু।

“ও আমাদের ক্যাম্পে ছিল। আমরা বেশি ম্যাচ খেলিনি বলে হয়তো ও যুব দলের সঙ্গে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি। তবে প্রথম বিভাগ ক্রিকেটে ছিল সেরা উইকেট শিকারি।”

“এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে (ওয়ানডে টুর্নামেন্ট) নিয়েছে ১২ উইকেট। শেষ ম্যাচেও পেয়েছে ৫ উইকেট। সাম্প্রতিক সময়ে ছন্দে থাকায় দলে এসেছে টিপু। আর যুব এশিয়া কাপে ভালো না করায় বাদ পড়েছে সাখাওয়াত।”

বিশ্বকাপে দল হিসেবে ভালো খেলার ব্যাপারে আশাবাদী কোচ ডেমিয়েন রাইট।

“এশিয়া কাপে দল হিসেবে হয়তো আমরা ভালো করিনি। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা দারুণ কিছু ইনিংস খেলেছে। যা অন্য দলের কেউ খেলতে পারেনি। আমি এই দল নিয়ে যথেষ্টা আশাবাদী। আশা করি, বিশ্বকাপে আমরা অনেক দূর যেতে পারব।”

‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড। ১৩ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এক দিনের বিরতিতে মুখোমুখি হবে কানাডার। ১৮ জানুয়ারি গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: পিনাক ঘোষ, নাঈম শেখ, সাইফ হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম ভূঁইয়া, শাকিল হোসেন, রবিউল হক, নাঈম হাসান, কাজী অনিক ইসলাম, রনি হোসেন, হাসান মাহমুদ, টিপু সুলতান।

স্ট্যান্ডবাই: সজীব হোসেন, রায়ান রাফসান রহমান, সাখাওয়াত হোসেন, শহীদুল ইসলাম প্রামানিক, ইয়াসিন আরাফাত, আব্দুল হালিম, মনিরুল ইসলাম।