শেষটায় পারল না মেয়েরা
দারুণ দুই অর্ধশতক করলেন শারমিন আক্তার ও রুমানা আহমেদ। গড়লেন দেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি। জাগালেন জয়ের আশা; কিন্তু শেষরক্ষা হল না। তাদের জুটি ভাঙার পর আর পেরে ওঠেনি বাংলাদেশের মেয়েরা।
শেষটায় ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ওয়ানডেতে ১৭ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের সিরিজে অতিথিরা এগিয়ে ২-০ ব্যবধানে।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৮ উইকেটে ২০৬ রান করে বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় ৪৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ১২৭ রানের জুটিতে দলকে দৃঢ় অবস্থানের ওপর দাঁড় করান শারমিন-রুমানা। ওয়ানডেতে এটি স্বাগতিকদের সর্বোচ্চ রানের জুটি। আগেরটিতেও ছিলেন শারমিন।
২০১১ সালে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে শুকতারা রহমানের সঙ্গে ১১৩ রান তুলেছিলেন শারমিন।
৪২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ১৬৮/২। ৮ উইকেট হাতে নিয়ে প্রয়োজন ছিল ৪৮ বলে ৫৬ রান। ২ রান যোগ করেই আউট হন অধিনায়ক রুমানা। ৯৫ বলে ৫টি চারে ৬৮ রান করেন তিনি। দ্রুত বিদায় নেন সালমা খাতুন।
রান আউট হওয়ার আগে ১২৭ বলে ১০টি চারে ৭৪ রান করেন শারমিন। এরপর আর পেরে উঠেনি বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে ১২২, এবার ১১৫ রান। তবে আগেরবারের মতো এবার আর দৃঢ় ভিতের সুবিধা কাজে লাগাতে পারেনি অতিথিরা। ১০৮ রানে শেষ ১০ উইকেট হারায় তারা।
লিকে ফিরিয়ে ২১.৩ ওভার স্থায়ী জুটি ভাঙেন লতা মণ্ডল। ১৩টি চারে ৫৭ বলে ৭০ রান করেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার। দ্রুত দুই রান আউটের পর ফিরেন স্টেইনও। ৯৮ বলে ৮টি চারে ৬৬ রান করেন তিনি।
শেষের দিকে অধিনায়ক ড্যান ফন নিকার্ক ছাড়া আর কেউ ভালো না করায় আড়াইশ’ পর্যন্ত যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। পারেনি পুরো ৫০ ওভার ব্যাট করতেও।
দক্ষিণ আফ্রিকাকে অল্প রানে বেঁধে ফেলায় মূল কৃতিত্ব খাদিজাতুল কুবরার। ৫৬ রানে ৪ উইকেট নেন ক্যারিয়ার সেরা বোলিং করা এই অফ স্পিনার। তার আগের সেরা ছিল ৩/৮। একটি করে উইকেট নেন লতা, নাহিদা আক্তার, জাহানারা আলম ও পান্না ঘোষ।
