মিঠুন ঝড় সামলে স্যামির রাজশাহীর জয়
আগের দুই ম্যাচে চল্লিশ ছাড়ানো দুটি অপরাজিত ইনিংসে জিতিয়েছিলেন দলকে। রানে ও মানে মোহাম্মদ মিঠুন এবার ছাড়িয়ে গেলেন আগের দুই ইনিংসকেও। এবারও অপরাজিত। কিন্তু অসাধারণ ইনিংসেও পারলেন না দলকে জেতাতে। শেষ পর্যন্ত পার্থক্য হয়ে রইল ড্যারেন স্যামির ঝড়।
বিপিএল ঢাকায় ফেরার পর প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ১২ রানে হারিয়েছে রাজশাহী কিংস। সপ্তম ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রংপুরকে হারানোর আগে রাজশাহীর আগের দুটি জয় ছিল অন্যতম শীর্ষ দল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।
স্যামির শেষ দিকের টর্নেডো ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান তুলেছিল রাজশাহী। মিঠুনের ৩৬ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসের পরও রংপুর থমকে যায় ৫ উইকেটে ১৫০ রানে।
রংপুরের রান তাড়ার শুরুটা ছিল খানিকটা ধীরগতির। মোহাম্মদ শাহজাদের সঙ্গে ইনিংস শুরু করেন নাসির জামশেদ, বিবর্ণ সৌম্য সরকারকে নামানো হয় নীচে। শুরু তবু সুবিধের হয়নি। উদ্বোধনী জুটি ২৮ রান তুললেও বল লেগে যায় ৪১!
শাহজাদকে (২৬ বলে ১৮) বোল্ড করে জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার নাজমুল অপু। রানের গতি যখন কেবল বাড়াতে শুরু করেছেন, রান আউটে কাটা পড়েন জামশেদও (২৮ বলে ২৭)।
চারে নেমেও রান পাননি সৌম্য, প্রমোশন পেয়ে ব্যর্থ আনোয়ার আলিও। রংপুরকে প্রায় একা লড়াইয়ে রেখেছেন মিঠুন। এক-দুই নিয়ে সচল রেখেছেন রানের চাকা, সময়ের চাহিদা মেটাতে মেরেছেন চার-ছক্কা। কিন্তু আরেক পাশ থেকে পাননি সহায়তা।
অধিনায়ক নাইম ইসলাম ছক্কায় শুরু করলেও পরে আর পারেননি বাউন্ডারি ছাড়াতে। ৩ চার ও ৪ ছক্কায় ৬৪ রানে মিঠুন শেষ পর্যন্ত নিজে অপরাজিত থাকলেও অংশ পরাজয়ের।
মন্থর উইকেটে ১৬৩ রান তাড়ার কাজটা অবশ্য ছিল বরাবরই কঠিন। আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের মাঝপথে ধুঁকছিল রাজশাহীও। শেষ দিকে সেই ইনিংসে প্রাণের সঞ্চার করেন স্যামি। সঙ্গ দেন উমর আকমল।
অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৩৭ বলে ৭০ রানের জুটি গড়েছেন স্যামি ও আকমল। ১৮ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন স্যামি, ৩০ বলে ৩৩ রানে আকমল।
ম্যাচের শুরুটা ছিল নাটকীয়তায় ভরা। দ্বিতীয় বলে বাউন্ডারিতে শুরু করেছিলেন মুমিনুল হক। পরের বলেই সোহাগ গাজী জবাব দেন আর্ম বলে এলবিডব্লিউ করে। নতুন ব্যাটসম্যান সাব্বির রহমান উইকেটে গিয়ে এক বল পরই বেরিয়ে এসে ছক্কা!
সাব্বির ও জুনায়েদ সিদ্দিক উইকেটে থাকার সময় ব্যাটিং মনে হচ্ছিল খুবই সহজ। রুবেল হোসেনের তিন বলের মধ্যে দুটি চার মারেন জুনায়েদ, আরাফাত সানির তিন বলে দুটি সাব্বির।
জুনায়েদ ও সামিত প্যাটেলও ইঙ্গিত দিচ্ছিলেন জুটি গড়ার। ১০ ওভারে রান ছিল ৭৫। কিন্তু উইকেটে তখন বল নীচু হচ্ছে প্রায় নিয়মিতই। এক ওভারে ম্যাচের চিত্রও অনেকটা বদলে দিলেন লিয়াম ডসন। একাদশ ওভারের প্রথম বলে ফেরালেন জুনায়েদকে, শেষ বলে প্যাটেলকে।
ছয়ে প্রমোশন পেয়ে কাজে লাগাতে পারেননি মেহেদী হাসান মিরাজ। মুক্তার আলির বলটি নীচু হয়েছিল, তবে মিরাজের শটও ছিল বাজে।
রাজশাহী তখন দিশাহারা, ১৪ ওভারে ৯২ রানে নেই ৫ উইকেট। দক্ষ নাবিকের মতোই দলকে স্বস্তির তীরে নিয়ে গেলেন স্যামি। পাশে পেলেন আকমলকে।
মূলত শেষ ৩ ওভারেই রংপুরকে তুলোধুনো করে ছাড়েন স্যামি ও আকমল। ১৭ ওভার শেষে আকমলের রান ছিল ২০ বলে ১৪। পরের ১০ বলে করেন ১৯ রান। স্যামির রান ছিল ১০ বলে ৯। পরের ৮ বলেই চারটি ছক্কা ও ২ চারে করেন ৩৫ রান!
শেষ ৩ ওভারেই এসেছে ৫৫ রান। আনোয়ার আলির শেষ ওভারের প্রথম দুই বলে চার ও ছক্কা মারেন আকমল। শেষ দুই বলে দুই ছক্কায় শেষ করেন স্যামি।
শেষ ওভার থেকে রাজশাহী নেয় ২৩ রান। শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ২৫। মিঠুনের ছক্কার পরও ফরহাদ রেজার ওই ওভার থেকে আসে ১২। পার্থক্য হয়ে গেছে ওখানেই!
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী কিংস: ২০ ওভারে ১৬২/৫ (মুমিনুল ৪, জুনায়েদ ২৩, সাব্বির ৩১, সামিত ১৭, আকমল ৩৩*, মিরাজ ৬, স্যামি ৪৪*; সোহাগ ১/৩২, আনোয়ার ০/৪৯, রুবেল ০/৪২, সানি ১/১৭, ডসন ২/১৫, মুক্তার ১/৫)।
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৫০/৫(শাহজাদ ১৮, জামশেদ ২৭, মিঠুন ৬৪*, সৌম্য ৮, আনোয়ার ৫, ডসন ১০, নাইম ১৪* ; সামি ১/২৬, ফরহাদ ০/৪৬, মিরাজ ০/১৮, নাজমুল ২/১৯, সামিত ১/২৮, আবুল হাসান ০/১২)।
ফল: রাজশাহী কিংস ১২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ড্যারেন স্যামি।
