মুশফিকদের হারিয়ে শীর্ষে মাহমুদউল্লাহর খুলনা
৪৪ রানে অলআউটের বিব্রতকর অভিজ্ঞতার পর দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে খুলনা টাইটানস। টানা চার জয়ে শীর্ষে উঠেছে মাহমুদউল্লাহর দল। ঢাকা ডায়নামাইটসকে পেছনে ফেলতে তারা ২২ রানে হারিয়েছে বরিশাল বুলসকে।
৬ ম্যাচে খুলনার পয়েন্ট ১০। পরের দুটি স্থানে থাকা ঢাকা ও রংপুর রাইডার্সের পয়েন্ট ৮। রংপুর অবশ্য এক ম্যাচ কম খেলেছে। টানা দ্বিতীয় হারের স্বাদ পাওয়া মুশফিকুর রহিমের দল ৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।
দুবার জোড়া উইকেট হারানোর ধাক্কা সামলে খুলনা ৭ উইকেটে করে ১৫১ রান। মাহমুদউল্লাহ ও রিকি ওয়েসেলস খেলেন দুটি ভালো ইনিংস।
শফিউল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩ বল বাকি থাকতে ১২৯ রানে অলআউট হয় বরিশাল বুলস।
লক্ষ্য তাড়ায় জিবন মেন্ডিসের (১৬ বলে ২১) আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরও শুরুটা ভালো হয়নি বরিশালের। চার ওভারের মধ্যে ২৫ রানে ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান। তৃতীয় ওভারে ক্রিজে এসে দশম ওভারে ফিরে যাওয়ার আগ পর্যন্ত ভুগেছেন দলে ফেরা শামসুর রহমান।
৫ ওভারে ৪৩ রানের জুটিতে দলকে কক্ষপথে রাখেন শাহরিয়ার-মুশফিকুর রহিম। চার বলের মধ্যে শাহরিয়ার (৩৫ বলে ২৮) ও থিসারা পেরেরাকে ফিরিয়ে বরিশালকে বড় একটা ধাক্কা দেন মোশাররফ হোসেন। শাহরিয়ার লংঅনে, প্রথম বলে শূন্য রানে ফেরা পেরেরা লংঅফে ক্যাচ দেন।
পরের ওভারে মুশফিককে বিদায় করে ম্যাচ খুলনার দিকে নিয়ে আসেন শফিউল ইসলাম। ২৩ বলে চারটি চারে ৩৫ রান করেন অধিনায়ক। ঝড় তোলার আগেই ফিরেন নাদিফ চৌধুরী। একটি করে ছক্কা-চার হাকিয়ে ফিরে যান রায়াদ এমরিটও। এরপর আর বেশি দূর এগোয়নি বরিশালের ইনিংস।
মেন্ডিস, মুশফিক বিদায় করা শফিউল শেষ ওভারে তিন বলের মধ্যে তুলে নেন রুম্মান রাইস ও তাইজুল ইসলামের উইকেট। ১৭ রানে ৪ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। টি-টোয়েন্টিতে এটাই তার সেরা বোলিং। আগের সেরা ছিল ৪/২৮। দুটি করে উইকেট নেন জুনায়েদ খান ও মোশাররফ হোসেন।
চলতি আসরে সর্বোচ্চ উইকেট এখন শফিউলের। ১৩ উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ঢাকা ডায়নামাইটসের মোহাম্মদ শহীদকে (১২)।
খুলনা জোড়া উইকেট হারানোর ধাক্কা সামাল দেয় মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে। তিনটি ছক্কা ও দুটি চারে ২৬ বলে ৪৪ রান করেন অধিনায়ক। নিজের শেষ ওভারে ফিরে আবার আঘাত হানেন তাইজুল। এই বাঁহাতি স্পিনারকে ছক্কা হাঁকিয়ে পরের বলে ফিরে যান মাহমুদউল্লাহ। কোনো বল না খেলেই রান আউট হন শুভাগত হোম চৌধুরী।
শুরুতে নড়বড়ে ব্যাটিং করা ওয়েসেলস সময়ের সঙ্গে নিজেকে ফিরে পান। দ্রুত দুই উইকেট হারানোর পর পাল্টা আক্রমণে যান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। রায়াদ এমরিটের বলে বোল্ড হওয়ার আগে ২৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় করেন ৪০ রান।
শেষের দিকে আরিফুল হক ও তাইবুর রহমানের ব্যাটে দেড়শ’ পার হয় খুলনার সংগ্রহ। ১০ রান করে ফিরেন তাইবুর। ২৬ রানে অপরাজিত থাকেন আরিফুল।
১৮ রানে ৩ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার তাইজুল। পাওয়ার প্লেতে এই বাঁহাতি স্পিনারের প্রথম স্পেলটি ছিল ৩-০-৮-২।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইটানস: ২০ ওভারে ১৫১/৭ (ফ্লেচার ৪, হাসানুজ্জামান ১৯, ওয়েসেলস ৪০, মাহমুদউল্লাহ ৪৪, শুভাগত ০, আরিফুল ২৬*, কুপার ১, তাইবুর ১০; তাইজুল ৩/১৮, রাইস ১/৩২, হায়দার ০/২৪, এমরিট ১/৩০, মাহমুদ ০/২০, পেরেরা ১/২৫)
বরিশাল বুলস: ১৯.৩ ওভারে ১২৯ (মেন্ডিস ২১, মাহমুদ ০, শামসুর ১২, শাহরিয়ার ২৮, মুশফিক ৩৫, পেরেরা ০, নাদিফ ৩, এমরিট ১৪, রাইস ৯, হায়দার ২, তাইজুল ২*; মাহমুদউল্লাহ ১/২৮, জুনায়েদ ২/২৯, কুপার ১/৩০, শফিউল ৪/১৭, মোশাররফ ২/২৪)
ফল: খুলনা টাইটানস ২২ রানে জয়ী।
