২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে পাথিরানা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের টি-টোয়েন্টি দলে সাতটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের ১৪ সদস্যের দলে এসেছেন টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা বোলিং অলরাউন্ডার সাচিথ পাথিরানা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 05:56 PM

Updated : 12 Apr 2022, 02:49 AM

ক্রিকেট ক্যারিয়ারের সর্বশেষ সিরিজে খেলতে দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান। পেসার কাসুন রাজিথা, অলরাউন্ডার থিসারা পেরেরা, মিলিন্দা সিরিবর্ধনে, ব্যাটসম্যান চামারা কাপুগেদারা ও স্পিনার সচিত্র সেনানায়েকেকে ফিরিয়েছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে হারা ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে দারুণ বোলিং করা আমিলা আপন্সোর জায়গা হয়নি টি-টোয়েন্টি দলে।

চোটের জন্য নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস দলে নেই। তার জায়গায় দিনেশ চান্দিমালের নেতৃত্বে খেলবে শ্রীলঙ্কা।

চোটের চন্য পেসার নুয়ান প্রদিপকে পাচ্ছে না শ্রীলঙ্কা। অভিজ্ঞ নুয়ান কুলাসেকারাকে আবারও উপেক্ষা করেছেন নির্বাচকরা। অভিষেকে গতি আর সুইং দিয়ে ভারতের ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেওয়া রাজিথার সঙ্গে বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন সুরঙ্গা লাকমল।

শ্রীলঙ্কা দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার সেনানায়েকে। তবে পাথিরানা, সিরিবর্ধনে, সিকুগে প্রসন্ন, দিলশান ও ধনাঞ্জয়া ডি সিলভার মধ্যে স্পিনে অনেক বিকল্প পাবেন চান্দিমাল।

আগামী মঙ্গলবার প্রথম ও শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি হবে।  

টি-টোয়েন্টির শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, কুসল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামারা কাপুগেদারা, মিলিন্দা সিরিবর্ধনে, কুসল মেন্ডিস, সিকুগে প্রসন্ন, সচিত্র সেনানায়েকে, সুরঙ্গা লাকমল, থিসারা পেরেরা, সাচিথ পাথিরানা, কাসুন রাজিথ, দাসুন শানাকা।