ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা উচিত: সাকিব
সিপিএলে শিরোপা জেতা সাকিব আল হাসান উন্মুখ ছিলেন দেশে ফিরতে। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশে ফিরেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিততে চান তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে এ পর্যন্ত ১৬টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। প্রথম ১২টিতে টানা হারের পর শেষ চার ম্যাচের তিনটিতেই জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে তাদের। এই তিন জয়ের একটি এসেছে ইংল্যান্ডে, একটি বাংলাদেশে, অন্যটি নিরপেক্ষ ভেন্যু অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে।
দেশের মাটিতে কয়েক বছর ধরে সমীহ করার মতো দল বাংলাদেশ। গত বছর নিজেদের মাটিতে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো তিন পরাশক্তিকে হারিয়েছে তারা। সব মিলিয়ে দেশের মাটিতে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জেতা সাকিবদের আত্মবিশ্বাস তুঙ্গে।
“আমি মনে করি, আমাদের অবশ্যই ওয়ানডে সিরিজ জেতা উচিত। বিশ্বাস করি, টেস্টেও জেতার সামর্থ্য আছে। অবশ্যই চেষ্টা করব, দুই ম্যাচে একটি যেন জিততে ও অন্যটি ড্র করতে পারি। মোট কথা, টেস্ট-ওয়ানডে দুটি সিরিজই জিততে চাই। আমি মনে করি, পুরো দলও ওইদিকেই মনোযোগ দেবে।”
জ্যামাইকা তালাওয়াহসের হয়ে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন সাকিব। ব্যাট হাতেও নিজের পারফরম্যান্সে খুশি তিনি, “আমার কাছে মনে হয়, পারফরম্যান্স ভালোও ছিল। টি-টোয়েন্টি যেখানে ব্যাটিং সেখানে ওভাবে সুযোগ আসে না। দলের প্রয়োজনে যেদিন ভালো খেলার দরকার ছিল, বেশিরভাগ সময়েই তা করতে পেরেছি। এতে আমি সন্তুষ্ট।”
টানা খেলার মধ্যে থাকা সাকিব চলমান ক্যাম্পে কবে যোগ দেবেন তা এখনও ঠিক করেননি, “কোচের সঙ্গে কথা বলব, কতটা বিশ্রাম বা কি করা উচিত। আলোচনা করে ঠিক করব।”
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে ইংল্যান্ডের। ৭ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হওয়ার কথা সিরিজ।
