সাসেক্স ক্লাবের মুস্তাফিজ-ভাগ্য মন্দ
এবার সাসেক্স ক্লাবের কপাল আসলেই খুব মন্দ। টি-টোয়েন্টি ক্রিকেটে, বিশেষ করে ডেথ ওভারগুলোতে সবচেয়ে কার্যকর বোলার, বাংলাদেশের গর্ব, তারকা মুস্তাফিজুর রহমানকে দলে পেয়েও পেল না। চোটের কারণে মুস্তাফিজ মৌসুমের শুরু থেকে খেলতে পারেননি। আইপিএল বিজয় করে বাংলাদেশে ফিরে দীর্ঘ পুনর্বাসন শেষে গত ২০ জুলাই লন্ডন পৌঁছান। পরদিনই চেমসফোর্ডে মাত্র ২৩ রানের বিনিময়ে এসেক্সের চার উইকেট নিয়ে জয় নিশ্চিত করে সাসেক্স ক্লাবের প্রাণভোমরা হিসেবে আত্মপ্রকাশ করেন।
শুরুতেই বলেছি, সাসেক্স ক্লাবের কপাল মন্দ। বিলম্বে পৌঁছে আশার প্রদীপ জ্বালিয়ে মুস্তাফিজ পরদিন দ্বিতীয় ম্যাচে ওভালে খেলেন সারের বিপক্ষে; পরদিনই নেটে অনুশীলন করতে গিয়ে পুনরায় চোট পেয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন কাটার মাস্টার।
ইতিপূর্বে মুস্তাফিজের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পাওয়া সাসেক্স শার্কস কোয়ার্টার-ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার জন্য বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। সমুদ্র সৈকতে আকর্ষণীয় বিনোদন ও পর্যটন কেন্দ্র ব্রাইটনের নিকটবর্তী হোভ শহরে নিজেদের মাঠে টসে জিতে ফিল্ডিং নিয়ে সফলও হয়েছিল সাসেক্স। বৃষ্টির জন্য ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ১৩.২ ওভারে ১০১ রানে গুটিয়ে দিয়েছিল গ্ল্যামরগ্যানকে।
ওয়েলস এর রাজধানী কার্ডিফের সোফিয়া গার্ডেন্স স্টেডিয়াম হচ্ছে গ্লামরগ্যানের ঘরের মাঠ। মনে পড়ে, ২০০৫ সালের ১৮ জুন এই সোফিয়া গার্ডেন্স এর গ্যালারিতে বসেই দেখেছিলাম হাবিবুল বাশারের নেতৃত্বে বাংলাদেশ দল সেই সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। গ্যালারিতে বসে বললে ভুল হবে, চরম উত্তেজনায় শেষ ২০ ওভার দাঁড়িয়ে থেকেই গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম।
সেদিন দেখেছিলাম, সেই সময়কার অন্যতম সেরা পেসার দীর্ঘদেহী গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পিদের আমাদের ছোটখাটো আশরাফুল কিভাবে সাহসিকতার সাথে মোকাবেলা করে ১০১ বলে শতক করেছিলেন। শতক করার পরই দ্রুত জয়ের নেশায় গিলেস্পির বলে ছক্কা হাঁকাতে গিয়ে তিনি সীমানায় ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন। বাশারও কম যাননি, রান আউট হওয়ার আগে করেছিলেন ৪৭ রান। আর এর আগে বল হাতে তাপস বৈশ্য ৬৯ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে পন্টিং বাহিনীকে ২৪৯ রানে আটকে দেন। বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও ওই মধুর ইতিহাসের অমর স্বাক্ষী। সেই সময়ের তরুণ মাশরাফি ১০ ওভার বল করে দুটি মেডেনসহ মাত্র ৩৩ রান দিয়ে বিধ্বংসী অ্যাডাম গিলক্রিস্টের উইকেট নিয়েছিলেন।
টানটান উত্তেজনার মধ্যে শেষ ওভারে গিলেস্পির প্রথম বলে মারকুটে আফতাব আহমেদ দারুণ এক ছক্কা হাঁকান। পরের বলেই আফতাব জয়সূচক রানটি নেওয়ার পর আমরা আনন্দে ফেটে পড়েছিলাম। নিজেদের অজান্তেই দ্বিগবিদ্বিগ জ্ঞান হারিয়ে আমি এবং আমার পাশে দাঁড়ানো তখনকার বাংলাদেশ হাইকমিশনার মোফাজ্জল করিম মনের অজান্তেই বিপুল সংখ্যক বাঙালি সমর্থকদের সাথে এক দৌড়ে ক্রিজে চলে গিয়েছিলাম।
বৃষ্টি বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত রাত ৯ট ৫০ মিনিটে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। অথচ আর মাত্র পাঁচটি বল গড়ালেই ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ম্যাচের ফলাফল চলে আসত। স্কোরবোর্ড দেখে সবাই আন্দাজ করতে পারছিল যে, ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে সাসেক্স ক্লাবই জিতে কোয়ার্টার-ফাইনালের স্বপ্ন দেখতে পারত।
গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে এই দুর্ভাগ্যের কবলে পড়ার জন্য হয়তো সাসেক্সের আপশোসের সীমা থাকবে না। তাদের সদস্য ও সমর্থকদের আপশোসের মাত্রা আরও বাড়বে যখন দেখবে তাদের বোলাররা ১৫টি ‘নো’ আর আটটি ওয়াইড বল করেছে। মাত্র পাঁচটি ‘নো’ বল কম হলেই কিন্তু খেলা বন্ধ হওয়ার আগে সাসেক্স ব্যাটসম্যানরা আরও পাঁচটি বল ফেস করতে পারত আর সেক্ষেত্রে পাঁচ ওভারের খেলা পূর্ণ হয়ে যেত, ম্যাচটি পরিত্যক্ত হত না। আর সেক্ষেত্রে এক পয়েন্টের পরিবর্তে দুই পয়েন্ট পেয়ে সাসেক্স ক্লাবের কোয়ার্টার-ফাইনালে যাওয়ার সুযোগ চলে আসত।
রোদ ঝলমল সকাল দিয়েই কিন্তু হোভ এর দিন শুরু হয়েছিল। কিন্তু বিকাল ৫টার দিকে আমরা যখন হোভ পৌঁছালাম, তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, পুরো আকাশ কালো অন্ধকারে ছেয়ে গিয়েছিল। মনে হচ্ছিল, চোটের জন্য ম্যাচ থেকে ছিটকে পড়া মুস্তাফিজের জন্য যেন আকাশ কাঁদছে। কপাল মন্দ মুস্তাফিজের, আইপিএলে চোখ ধাঁধানো বোলিং করে হায়দরাবাদ সানরাইজার্সকে চ্যাস্পিয়ন বানিয়ে ইংল্যান্ডে এসে সাসেক্সকে কোয়ার্টার-ফাইনালে নিতে পারলেন না। কপাল মন্দ তাদের, কাটার মাস্টার মুস্তাফিজকে দলে পেয়েও শেষ আটে যেতে পারল না। আর মন্দ কপাল আমাদের, আমরা যারা ক্রিকেটের জন্মভূমিতে আমাদের গর্ব মুস্তাফিজের জাদুময় ক্যারিশমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হলাম।
আগেই প্রচার হয়েছিল যে, মুস্তাফিজ বৃহস্পতিবারের ম্যাচ খেলবে না। তাই বহু বাঙালি দর্শক টিকেট কিনেও খেলা দেখতে আসেননি। কিন্তু মুস্তাফিজের সুবাদে সাসেক্স ক্লাবকে বাঙালিরা যে ভালোবেসে ফেলেছেন, বৃষ্টি উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে বহু বাঙালি দর্শক ‘আই লাভ ফিজ’ লেখা পোস্টার নিয়ে খেলা দেখতে আসেন। লন্ডন থেকে ছোট বাচ্চা নিয়ে আভিনা আসেন তার স্বামী ও ভাইকে নিয়ে। রোমেল, হাসিব, সাহেদও এসেছেন লন্ডন থেকে। সারে থেকে আসেন মাহমুদ, উজ্জ্বল, শরীফ ও তাদের কয়েক জন বন্ধু। পশ্চিম লন্ডনের আক্সব্রিজ থেকে আঙুর মিয়া ও শরীফ।
লন্ডন, ৩০ জুলাই, ২০১৬
(লেখক আবু মুসা হাসান সাবেক কূটনীতিক ও সাংবাদিক)
