২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চান্দিমালের শতক, শানাকার দারুণ অভিষেক

প্রায় পাঁচ বছর পর ওয়ানডেতে শতক পেয়েছেন দিনেশ চান্দিমাল; অভিষেকে পাঁচ উইকেটে নিয়েছেন দাসুন শানাকা। এই দুই জনের নৈপুণ্যে ভর করে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৭৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 01:27 AM

Updated : 20 Aug 2022, 01:00 PM

বৃহস্পতিবার ডাবলিনে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৩ রান করে শ্রীলঙ্কা।

আয়ারল্যান্ড ইনিংসের ৩৩তম ওভারে বৃষ্টি নামে। আধা ঘণ্টা পর খেলা শুরু হলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪৭ ওভারে তাদের লক্ষ্য দাঁড়ায় ২৯৩ রান। ততদূর যেতে পারেনি দলটি, অলআউট হয়ে যায় ৪০.৪ ওভারে, ২১৬ রানে।

বড় লক্ষ্য তাড়ায় আয়াল্যান্ডকে ভালো শুরু এনে দেন অধিনায়ক পোর্টারফিল্ড ও পল স্টার্লিং। ৫৩ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর আর দুটি উইকেট নিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন শানাকা।

কেভিন ও’ব্রায়েনকে চারবার জীবন দিয়ে আয়ারল্যান্ডকে আরও চাপে ফেলার সুযোগ হারায় শ্রীলঙ্কা। ভাগ্যের সহায়তা পেয়ে তৃতীয় উইকেটে পোর্টারফিল্ডের সঙ্গে ৬৮ রানের জুটিতে দলের আশা বাঁচিয়ে রাখেন ও’ব্রায়েন।

শামিন্দা এরাঙ্গার বলে নুয়ান প্রদিপকে ক্যাচ দিয়ে পোর্টারফিল্ড (৭৩) ফিরে গেলে ভাঙে আয়ারল্যান্ডের প্রতিরোধ। ৫, ১৭, ২৪, ৪২ রানে জীবন পাওয়া ও’ব্রায়েন দলকে পৌছে দেন ৪ উইকেটে ১৯৮ রানে।

ম্যাচ তখন ভালোভাবেই ছিল আয়ারল্যান্ড। কিন্তু এরপর ১৮ রানে শেষ ৬ উইকেট হারানোয় হার এড়াতে পারেনি দলটি। প্রদিপের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান ও’ব্রায়েন। তার ৪৯ বলে খেলার তার ৬৪ রানের ইনিংস গড়া ৬টি চার আর তিনটি ছক্কায়।

আয়ারল্যান্ডের শেষ পাঁচ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কে যেতে পারেননি। শুরুতে তিন উইকেট নেওয়া ডানহাতি মিডিয়াম পেসার শানাকা শেষ দিকে নেন আরও দুই উইকেট। ৪৩ রানে ৫ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।

ওয়ানডেতে শ্রীলঙ্কার তৃতীয় ও সব মিলিয়ে দ্বাদশ খেলোয়াড় হিসেবে অভিষেকে পাঁচ উইকেট নিলেন শানাকা।

অভিষেকে আলো ছড়িয়েছেন কুশল মেন্ডিসও। ৪৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর তিনিই চান্দিমালকে নিয়ে পথ দেখান শ্রীলঙ্কাকে। এই দুই জনে গড়েন ৮২ রানের জুটি। অভিষেকে অর্ধশতক পাওয়া মেন্ডিস ফিরেন ৫১ রানে।

অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে ৮৮ ও শানাকার সঙ্গে ৬১ রানের আরও দুটি জুটি উপহার দেন চান্দিমাল। ম্যাথিউস ৫৩ বলে করেন ৪৯ রান। খুনে মেজাজে ব্যাটিং করা শানাকা ১৯ বলে তিনটি ছক্কা আর পাঁচটি চারের সাহায্যে করেন ৪২ রান।

২০১১ সালের জুলাইয়ের পর ওয়ানডেতে শতক পাওয়া চান্দিমাল ১০৭ বলে অপরাজিত থাকেন ১০০ রানে। তার তৃতীয় শতকটি সাজানো ৬টি চারে।

আগামী শনিবার হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩০৩/৭ (পেরেরা ৩২, গুনাথিলাকা ৯, মেন্ডিস ৫১, চান্দিমাল ১০০*,ম্যাথিউস ৪৯, শানাকা ৪২, প্রসন্ন ০, থারাঙ্গা ৭, ধনঞ্জয় ৩*; র‌্যাঙ্কিন ২/৪৫, ম্যাকার্থি ২/৬৯, ও’ব্রায়েন ৪৬, সোরেনসেন ১/৪৯, মুরতাঘ ১/৬১)

আয়ারল্যান্ড: ৪০.৪ ওভারে ২১৬ (৪৭ ওভারে লক্ষ্য ২৯৩ রান) (পোর্টারফিল্ড ৭৩, স্টার্লিং ২৭, জয়েস ৯, অ্যান্ডারসন ৭, ও’ব্রায়েন ৬৪, পয়েন্টার ২০, উইলসন ১, সোরেনসেন ৬, ম্যাকার্থি ০, মুরতাঘ ০, র‌্যাঙ্কিন ০*; শানাকা ৫/৪৩, ম্যাথিউস ২/৩৭, এরাঙ্গা ১/৩৪, প্রসন্ন ১/৪৪, প্রদিপ ১/৪৬)

ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কা ৭৬ রানে জয়ী।