২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিফারেন্টলি অ্যাবল’ শিশু-কিশোরদের ক্রিকেট শেখালেন মাশরাফি-মুস্তাফিজ

ছোট্ট ছাদটাই যেন দারুণ এক মাঠ। সাজানো আছে স্টাস্প, সামনে কেতাবি স্টান্স নিয়ে অপেক্ষায় ব্যাটসম্যান। বোলিং প্রান্তে একই সঙ্গে মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 10:02 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

মুস্তাফিজের কাটারে এখানেও সুবিধে করতে পারছিলেন ব্যাটসম্যানরা। মুস্তাফিজ যতোই চেষ্টা করেন ইচ্ছে করে মার খেতে, ভড়কে গিয়েই হয়ত ব্যাটে লাগাতে পারেন না ব্যাটসম্যানরা। মাশরাফিকে অবশ্য মজা নিয়ে খেললেন সবাই। বাংলাদেশ অধিনায়ককে ছাদের বাইরে উড়িয়ে এক ব্যাটসম্যানের সে কী উল্লাস!

বৃহস্পতিবার বিকেলে স্বপ্নগুলো এভাবেই সত্যি হয়ে ধরা দিয়েছিল পি.এফ.ডি.এ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের শিশু-কিশোরদের জন্য। ‘ডিফারেন্টলি অ্যাবল’ শিশু-ব্যক্তিদের সৃষ্টিশীল বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে সংস্থাটি। শুধু ক্রিকেট খেলাই নয়, সংস্থাটির ছেলে-মেয়েরা এদিন পুরো বিকেলটিই কাটিয়েছে দেশের জনপ্রিয় দুই ক্রিকেট তারকার সঙ্গে।

আয়োজনটির উদ্যোক্তো মোবাইল ফোন অপারেটর ও জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক রবি।

বিশেষ এই শিশু ও ব্যক্তিদের সঙ্গে দারুণ আনন্দময় সময় কাটিয়েছেন মাশরাফি ও মুস্তাফিজ। তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানালেন বাংলাদেশ অধিনায়ক।

“অনেক সময় বিশেষ এই শিশু ও ব্যক্তিদের পরিবার, আত্মীয়-স্বজনও তাদের প্রতি প্রাপ্য মনোযোগ দিতে পারে না। যেটি মোটেও ঠিক নয়। ওদেরকে সত্যিকার ভালোবাসায় প্রতিপালন করলে, সঠিক প্রশিক্ষণ দিলে ওরাও নিজের উপযোগিতা বুঝিয়ে দিতে পারে।”

“স্রেফ সহানুভূতি ও সহমর্মিতা নয়, ওদের প্রতি সহযোগিতার হাত বাড়ান। আমি ও মুস্তাফিজ, অন্য ক্রিকেটাররাও আমরা নিজেদের জায়গা থেকে চেষ্টা করব। আপনাদেরও আহবান জানাচ্ছি প্রাপ্যটা ওদের দিতে।”

রবির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির অঙ্গীকার করলেন এই বিশেষ শিশু-ব্যক্তিদের পাশে থাকার।

“আমরা ওদের মানসিকতা-মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করছি। জানতে চাইছি ওরা কি চায়। ওদের প্রতিভা বিকাশে যতটা সহযোগিতা করা সম্ভব, আমরা করব।”