২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডসে শেষ দিনের রোমাঞ্চ কেড়ে নিল বৃষ্টি

জমজমাট এক শেষ দিনের প্রেক্ষাপট ছিল প্রস্তুত। শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩৩০ রান; ইংল্যান্ডের ১০ উইকেট। কিন্তু মাঠের লড়াই সেভাবে হতেই দিল না বৃষ্টি। ম্যাচ তাই শেষ পর্যন্ত নিষ্প্রাণ ড্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 10:49 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

প্রথম ২ টেস্ট জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল ইংল্যান্ড। এই টেস্ট ড্র হওয়ায় শ্রীলঙ্কা এড়াতে পারল হোয়াইটওয়াশ।

আগের দিন শ্রীলঙ্কাকে শেষ ইনিংসে ৩৬২ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। বিনা উইকেটে ৩২ রানে চতুর্থ দিন শেষ করেছিল লঙ্কানরা।

লর্ডসে শেষ দিনে বৃষ্টির ফাঁকে ফাঁকে ২৪.২ ওভার পর্যন্ত খেলা হতে পেরেছে। তাতে ১ উইকেটে ৭৮ রান তোলে শ্রীলঙ্কা।

জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত এক ইনসুইঙ্গারে বিভ্রান্ত হয়ে না খেলে ছেড়ে দিয়ে এলবিডব্লিউ হন কৌশল সিলভা (১৬)। আরেক ওপেনার দিমুথ করুনারত্নে অপরাজিত থাকেন ৩৭ রানে। ১৭ রানে অপরাজিত ছিলেন কুশল মেন্ডিস।

দুই দলের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ জুন। এর আগে ১৬ ও ১৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।