২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকদের উড়িয়ে দিল রূপগঞ্জ

দারুণ একটি উদ্বোধনী জুটি, শেষের দিকে ঝড়। ব্যাটিং দুরূহ উইকেটে বাকি কাজটুকু সেরেছেন বোলাররা। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১০৪ রানে হারিয়ে সুপার লিগ অভিযান শুরু করল লেজেন্ডস অব রূপগঞ্জ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 07:21 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

ভোরের তুমুল বৃষ্টিতে মাঠ ভেজা ছিল খানিকটা। আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা, ছিল না যথেষ্ট আলো। দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে আসে ৪৫ ওভারে।

কন্ডিশন ছিল কঠিন, সহজ ছিল না উইকেটও। বাউন্স ছিল অসমান, বল ব্যাটে আসেনি ঠিকমত। টস হেরে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিতে হয় রূপগঞ্জকে। সেই চ্যালেঞ্জ তারা উতরে যায় সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনের দারুণ ব্যাটিংয়ে।

মৌসুমে প্রথমবার ওপেন করতে নেমে দারুণ ব্যাট করেছেন মিঠুন। ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন সৌম্য। দারুণ সব শট খেলেছেন দুজনই। তবে শেষ পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেননি সৌম্য।

দুজনকেই থামিয়েছেন নাঈম ইসলাম। একটু থমকে আসা বলে কাভারে বদলি ফিল্ডার ফয়সাল হোসেনের দারুণ ক্যাচে ফিরেছেন সৌম্য (৪০)। পরে এই অফ স্পিনারের বলেই এলবিডব্লিউ হয়েছেন মিঠুন (৫৯)।

উদ্বোধনী জুটি ভাঙার পর বোঝা গেছে এই উইকেটে ব্যাটিং কতটা কঠিন। ৪০ রানের মধ্যে রূপগঞ্জ হারিয়ে ফেলে ৫ উইকেট।

ষষ্ঠ উইকটে সাজ্জাদুল হক ও মোশাররফ হোসেনের ব্যাটে আবার গতি পায় ইনিংস। দুজনে গড়েন ৫১ রানের জুটি। শেষ দিকে ঝড় তোলেন পাওয়ান নেগি ও আলাউদ্দিন বাবু।

প্রথম ম্যাচ খেলতে নেমে ভারতীয় অলরাউন্ডার নেগি অপরাজিত ছিলেন ১৯ বলে ২৮ রানে। ৯ বলে ১৭ করে আলাউদ্দিন। শেষ ৫ ওভারে ৫২ রানে রূপগঞ্জের স্কোর দাঁড়ায় ২৩২।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩১ রানে ৪ উইকেট নেন নাঈম। তবে মোহামেডান ভুগেছে আরেক নাঈমের চোটে। ১.৩ ওভার বোলিং করে হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন নাঈম ইসলাম জুনিয়র। আর বোলিংই করতে পারেননি দলের অন্যতম সেরা এই বোলার।

মোহামেডানের শ্রীলঙ্কান রিক্রুট থিসারা পেরেরা লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে নিয়েছেন ২ উইকেট।

পেরেরা পরে ব্যর্থ ব্যাট হাতে। তবে মোহামেডানের হার অনেকটা নিশ্চিত হয়ে গেছে এই অলরাউন্ডার ব্যাটিংয়ে নামার আগেই। নতুন বলে আলাউদ্দিন বাবু কাঁপিয়ে দেন মোহামেডানকে। পরে একের পর এক শিকার ধরেন স্পিনাররা। ১২৮ রানে গুটিয়ে যায় তারা ৭৯ বল বাকি থাকতে।

সংক্ষিপ্ত স্কোর:

রূপগঞ্জ: ৪৫ ওভারে ২৩২/৮ (মিঠুন ৫৯, সৌম্য ৪০, জুনায়েদ ৬, নাহিদুল ৬, আসিফ ২, সাজ্জাদুল ২৪, মোশাররফ ৩২, নেগি ২৮*, আলাউদ্দিন ১৭, আবু হায়দার ০*; শুভাশিস ১/৫৬, হাবিবুর ০/৪২, পেরেরা ২/৩৫, নাঈম জুনিয়র ০/৮, আরিফুল ০/২৫, নাঈম ৪/৩১, এনামুল জুনিয়র ১/৩৩)।

মোহামেডান: ৩১.৫ ওভারে ১২৮ (সৈকত ৬, হামিদুল ৩৭, নাঈম ০, হাবিবুর ১৪, মুশফিক ৩৪, আরিফুল ৪, পেরেরা ৪, মিলন ৪, এনামুল জুনিয়র ১৬*, শুভাশিস ৭, নাঈম জুনিয়র (আহত অনুপস্থিত); আলাউদ্দিন ২/২২, আবু হায়দার ০/১৪, সৌম্য ০/৬, নেগি ২/৩০, তাইজুল ১/২৬, মোশাররফ ১/১৬, নাহিদুল ২/৭, আসিফ ১/৭)।

ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ১০৪ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ মিঠুন