২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিক, নাঈমের ব্যাটে সুপার লিগে মোহামেডান

কোনো হিসাব-নিকাশের জন্য দলকে অপেক্ষায় রাখেননি মুশফিকুর রহিম ও নাঈম ইসলাম। তাদের দৃঢ়তাভরা ব্যাটিংয়ে প্রিমিয়ার লিগের সুপার সিক্স নিশ্চিত করেছে মোহামেডান। একই সঙ্গে আপাতত ফিরে পেয়েছে শীর্ষ স্থানও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 07:17 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মোহামেডানের ৬ উইকেটের জয়ে দারুণ অবদান রয়েছে বিপুল শর্মার। ৯ ওভারে ২৪ রান দিয়ে প্রতিপক্ষকে দুইশ’ রানের নিচে বেধে রাখায় নেতৃত্ব দেন তিনিই। পরে লক্ষ্য তাড়ায় খেলেন ২৫ বলে ৩৪ রানের ঝড়ো এক ইনিংস।  

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির জন্য ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮৭ রান করে শেখ জামাল। জবাবে ৩২ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহমেডান।

মিরপুরের উইকেটে এদিন কখনও বল উঠছিল, কখনও খুব নিচু হচ্ছিল। তাই দুইশ’ রানের নিচের লক্ষ্যও সহজ ছিল না। অষ্টম ওভারে ৩৮ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর সেটা আরও কঠিন হয়ে পড়ে।

তবে দারুণ ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান নাঈম ও মুশফিক। এমনিতে ধীর ব্যাটিংয়ের জন্য পরিচিত হলেও নাঈম এদিন শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। মুশফিকের সঙ্গে ৭৩ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার কাজটা করেন তিনিই।

মাহমুদউল্লাহর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যাওয়ার আগে ৫১ রান করেন নাঈম। তার ৫২ বলের ইনিংস গড়া আটটি চারে।

ভারতীয় ক্রিকেটার বিপুলের সঙ্গে মুশফিকের ৭০ রানের আরেকটি চমৎকার জুটিতে ম্যাচ নিজেদের মুঠোয় নিয়ে নেয় মোহামেডান। বিপুলের বিদায়ের পর আরিফুল ইসলামকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন মুশফিক।

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ছয় হাজার রান করা মুশফিক অপরাজিত থাকেন ৬৬ রানে। ৭টি চার ও দুটি ছক্কায় সাজানো তার ৮৭ বলের অধিনায়কোচিত ইনিংস।

৫২ রানে তিন উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার মাহমুদউল্লাহ।

এর আগে থিতু হয়ে ব্যাটসম্যানরা ফিরে যাওয়ায় লড়াইয়ের পুঁজি পায়নি শেখ জামাল। দলটির ছয় ব্যাটসম্যান পৌঁছান দুই অঙ্কে কিন্তু তারা কেউই ত্রিশ পর্যন্ত যেতে পারেনি।

উইকেটে উঁচু-নিচু বাউন্স থাকায় মোহামেডানের স্পিনারদের সামলাতে এদিন বেশ ভুগতে হয়েছে শেখ জামালের ব্যাটসম্যানদের। তারপরও ভালো শুরু করেছিলেন মাহবুবুল করিম, মার্শাল আইয়ুব, মাহমুদুল্লাহ। কিন্তু নিজেদের ইনিংস কেউই বড় করতে পারেননি।

২৪ রানে চার উইকেট নিয়ে মোহামেডানের সেরা বোলার বিপুল। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।

এই জয়ে রান রেটে প্রাইম দোলেশ্বর ও আবাহনীকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে মোহমেডান। তিন দলেরই পয়েন্ট ১৪। এরই মধ্যে সুপার লিগ নিশ্চিত করা ভিক্টোরিয়া (১৩) ও লেজেন্ডস অব রূপগঞ্জের (১৩) সুযোগ আছে মোহামেডানকে পেছনে ফেলার।

বৃষ্টির দাপটে বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়ন ও রূপগঞ্জের ম্যাচ এদিন হয়নি। বৃহস্পতিবার একই ভেন্যুতে মুখোমুখি হবে দল দুটি। অনিবার্য কারণে পেছানো ভিক্টোরিয়া ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচও হবে সেদিন, ফতুল্লায়।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪২ ওভরে ১৮৭/৮ (মামুন ১, মাহবুবুল ২৯, মার্শাল ২৭, মাহমুদউল্লাহ ২৭, মুক্তার ৪, সাদাত ২৫, জাবিদ ২৮, আরাফাত ৫, শফিউল ২৫*, মাসুদ ৩; বিপুল ৪/২৪, নাজমুল ১/১৪, হাবিবুর ১/২৩, শুভাশীষ ১/৪০, নাঈম ১/৪৩)

মোহামেডান: ৩২.২ ওভারে ১৮৮/৪ (ইজাজ ৮, হাবিবুর ১৫, নাঈম ৫১, মুশফিক ৬৬*, বিপুল ৩৪, আরিফুল ৫*; মাহমুদউল্লাহ ৩/৫২, রহমান ১/৩২)

ফল: মোহামেডান ৬ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: বিপুল শর্মা।