২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা লিগ খেলে জাতীয় দলে থারাঙ্গা

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার পর শ্রীলঙ্কা জাতীয় দলে ফিরেছেন উপুল থারাঙ্গা। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 06:35 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

দলে চমক আছে আরও। চার বছরেরও বেশি সময় পর ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ফারভিজ মাহারুফ। আড়াই বছর পর ফিরেছেন অফ স্পিনার সুরাজ রানদিভ।

সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে মাহারুফ সবশেষ খেলেছিলেন ২০১২ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় হেরে যাওযা ম্যাচে। ৩১ বছর বয়সী ক্রিকেটার এবার দলে ফিরলেন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সে। শ্রীলঙ্কার ঘরোয়া একদিনের প্রতিযোগিতার সবশেষ আসরে ৫ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। নেতৃত্ব দিয়েছেন ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাবের শিরোপা জয়ে।

রানদিভও ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সে। শ্রীলঙ্কার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে পেয়েছেন ৫০ উইকেট। শ্রীলঙ্কার হয়ে সবশেষ খেলেছিলেন ২০১৪ সালের মার্চে।

থারাঙ্গার অপেক্ষাটা অবশ্য এত দীর্ঘ ছিল না। গত বছরের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর হারিয়েছিলেন জায়গা। ঢাকা লিগে ৭ ম্যাচে ৪ অর্ধশতকে করে গেছেন ৭৭.২০ গড়ে ৩৮৬ রান। এর আগে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের সবশেষ তিন ম্যাচে করে এসেছিলেন ১৭২ ও ৫১, ৬০ ও ১৩৯ এবং ১১১ ও ২৯ রান।

একসময় শ্রীলঙ্কার ওয়ানডে দলে নিয়মিত মুখ ছিলেন থারাঙ্গা। তবে গত বেশ ক বছর ধরেই আছেন আসা-যাওয়ার মধ্যে। আবার সুযোগ পাচ্ছেন জায়গা পাকা করার।

তার সঙ্গে দলে ফিরেছেন ৩০ বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডার সিকুগে প্রসন্ন। ইংল্যান্ডগামী বিমানে উঠবেন নবীন ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকাও। গত নভেম্বরে অভিষিক্ত বাঁহাতি ব্যাটসম্যান খেলেছেন ৬টি ওয়ানডে।

এই ৫ জনের বদলে টেস্ট স্কোয়াড থেকে কারা দেশে ফিরবেন, সেটা পরে জানাবে নির্বাচকরা। তবে একজনের নাম অনুমিতই। গত এপ্রিলেই রঙিন পোশাককে বিদায় জানিয়েছেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।

চলতি টেস্ট সিরিজ শেষে ২১ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে ১৬ ও ১৮ জুন আয়ারল্যান্ডে দুটি ওয়ানডে খেলবে লঙ্কানরা।