ম্যানেজারকে রেখে দুই স্তরের নির্বাচক কমিটি!
জাতীয় দল নির্বাচন প্রক্রিয়ায় এক ধরনের বিপ্লব গড়ে ফেলার পথে বিসিবি। দুই স্তরে দল নির্বাচনের প্রক্রিয়ায় নির্বাচক কমিটিতে রাখা হচ্ছে দলের ম্যানেজারকেও, যা অনেক দেশে অকল্পনীয়!
গত কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল এটা নিয়ে। তবে বিসিবি প্রধান নাজমুল হাসান গত সোমবার জানিয়েছিলেন, ম্যানেজার নন, কোচ ঢুকছেন নির্বাচক কমিটিতে। বিসিবিতে ভাবনা বদলে গেল সপ্তাহ না ঘুরতেই। রোববার বিসিবিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড প্রধানই জানালেন, নির্বাচক কমিটিতে থাকছেন কোচ ও ম্যানেজার।
দল নির্বাচনের চিরায়ত ও প্রচলিত কাঠামোই বদলে ফেলছে বিসিবি। বোর্ড প্রধান জানালেন, দল নির্বাচন হবে দুই স্তরে।
“নির্বাচন প্রক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একদম আগের মতো না, জিনিসটা একই কিন্তু একটু ভিন্নও। একটা নির্বাচক প্যানেল থাকবে। প্যানেলে থাকবেন তিন জন নির্বাচক। তাদের একজন প্রধান নির্বাচক থাকবেন। তারা নির্বাচন করবেন কারা দলে আসবে।”
“আরেকটা থাকবে, যেটাকে আমরা নাম দিয়েছি নির্বাচক কমিটি। এই কমিটি যে গিয়ে গিয়ে দল নির্বাচন করবে তা না। সিলেকশন কমিটিতে আগেই যাদের কথা বলেছিলাম তারাই থাকছে। তিন নির্বাচক থাকবে, সাথে প্রধান কোচ থাকবে এবং টিম ম্যানেজার থাকবে।”
নির্বাচক কমিটি হবে ছয় সদস্যের। নির্বাচক প্যানেলের তিন জন, কোচ ও ম্যানেজারের পাশাপাশি এই কমিটির আহবায়ক হিসেবে থাকবেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।
“ম্যানেজারের দায়িত্ব হচ্ছে, অধিনায়ক, সহ-অধিনায়ক যারা আছে তাদের মতামত, ওদের চিন্তাধারা উপস্থাপন করা। ওই অনুযায়ী তারা তাদের নির্বাচনের কাজ শুরু করবেন এবং চূড়ান্ত করার আগে আবার তারা বসবেন। ওখানে সকলে মিলে স্বাক্ষর করে আমার কাছে পাঠাবে। এখানে দ্বিমত থাকার কোনো সুযোগ নেই।”
কিন্তু অধিনায়ক তার মত নিজেই জানাতে পারেন সরাসরি। বাংলাদেশসহ সব দেশে সেই চর্চা বরারবই হয়ে আসছে। হুট করে ম্যানেজারকে অধিনায়কের ‘দূত’ বানিয়ে দেওয়ার বিষয়ে বোর্ড প্রধান যৌক্তিক কোনো সদুত্তর দিতে পারলেন না।
“এখানে একটা আলাপ-আলোচনা ছিল ম্যানেজার বা অধিনায়ককে রাখার ব্যাপারে। কখনও ম্যানেজার এলো বা কখনও অধিনায়ক এলো। সব দিক চিন্তা করে দেখেছি, ম্যানেজার হলে কোনো অসুবিধা নেই।”
নির্বাচক কমিটিতে কোচের থাকা অবশ্য বাংলাদেশ বা অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে নতুন কিছু নয়। বর্তমানেও অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডে এই প্রক্রিয়া চলছে সফলভাবে।
তবে নির্বাচকের মূল কাজ যেটি, খেলা দেখা, সেটিতেই কোচকে অবারিত স্বাধীনতা দিয়ে রাখছে বিসিবি।
“কোচের খেলা দেখার বাধ্যবাধকতা নাই। খেলা যে দেখতেই হবে তা না। কিন্তু ঢাকায় থাকলে খেলা দেখবে। খেলা দেখতে যে তাকে বাইরে যেতে হবে তা না, কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু বাংলাদেশে যদি থাকেন তাহলে খেলা দেখবেন।”
এখন বোর্ড সভায় চূড়ান্ত হবে এসব সিদ্ধান্ত। বোর্ড প্রধানের সম্মতির পর চূড়ান্ত হওয়াটাকে বলা যায় আনুষ্ঠানিকতা, স্রেফ সময়ের ব্যাপার।
