২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লঙ্কান চমকের পর হেলস-বেয়ারস্টোর লড়াই

দিনের প্রথম ভাগটা শ্রীলঙ্কার; দ্বিতীয় ভাগ ইংল্যান্ডের। শেষ ভাগ? উত্তরটা জানতে দিল না বৃষ্টি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 11:29 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

পুরনো খবর:

অপেক্ষায় কুক, শানাকার চমক

সবশেষ ইংল্যান্ড সফরে ঐতিহাসিক সিরিজ জিতে ফিরেছিল জয়াবর্ধনে-সাঙ্গাকারার শ্রীলঙ্কা। পালাবদলের পালায় থাকা শ্রীলঙ্কা এবার পরিষ্কার ‘আন্ডারডগ’। কিন্তু প্রথম দিন সকালে সেই লঙ্কানরাই কাঁপিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টোর ব্যাটে আবার লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড।

কিন্তু বৃ্ষ্টি এসে বাধ সেধেছে ইংলিশ গ্রীষ্মের প্রথম টেস্টের প্রথম দিনই। চা-বিরতির পর আর খেলাই শুরু হতে পারেনি। ইংল্যান্ড দিন শেষ করেছে ৫ উইকেটে ১৭১ রানে।

গ্রীষ্মের শুরুতে ইংল্যান্ডের উইকেট সবসময়ই কথা বলে বোলারদের হয়ে। হেডিংলিতে বৃহস্পতিবার দিনের শুরুতে আকাশও ছিল মেঘলা। টস জিতে তাই ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান অ্যাঞ্জেলো ম্যাথিউস।

সতর্ক ব্যাটিংয়ে ইংল্যান্ডের শুরুটা ছিল ভালো। প্রথম ঘণ্টায় পড়েনি উইকেট। অ্যালিস্টার কুক এগিয়ে যাচ্ছিলেন ১০ হাজার টেস্ট রান ছোঁয়ার দিকে।

পঞ্চম বোলার হিসেবে দাসুন শানাকা বোলিংয়ে আসার পরই বদলে যায় দৃশ্যপট। মূলত তিনি ব্যাটিং অলরাউন্ডার। টেস্টের আগে লিস্টারশায়ারের বিপক্ষে গা-গরমের ম্যাচে সেঞ্চুরির সুবাদে এই টেস্টেই অভিষেক। কিন্তু টেস্ট জীবনের প্রথম সকাল স্মরণীয় করে রাখলেন বল হাতে।

জেন্টল মিডিয়াম পেসে টেস্ট ক্যারিয়ারের সপ্তম বলেই পেয়েছেন উইকেট। আগের ৪ ওভারে মাত্র ২ বল স্ট্রাইক পেয়ে হয়ত একটু অমনোযোগী হয়ে পড়েছিলেন কুক। অফ স্টাম্পের বেশ বাইরে পিচ করে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড তিনি ১৬ রানে। ইংলিশ অধিনায়ক থেমেছেন ১০ হাজারের ২০ রান আগে।

ওই ওভারেই আরেকবার লঙ্কানদের উল্লাসে মাতিয়েছেন শানাকা। ফিরিয়েছেন নিক কম্পটনকে (০)। পরের ওভারে আরেকটি বড় শিকার। কোনো রান না করেই আউট ইংল্যান্ডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ভরসা জো রুট। বিনা উইকেটে ৪৯ থেকে ইংল্যান্ড তখন ৩ উইকেট ৫২।

লাঞ্চের পর শামিন্দা ইরাঙ্গা ফিরিয়ে দেন অভিষিক্ত জেমন ভিন্সকে (৯)। উইকেটে গিয়েই টানা তিন বলে চার মেরেছিলেন বেন স্টোকস। কিন্তু তাকে (১২) ফিরিয়ে দেন নুয়ান প্রদীপ।

৮৩ রানে ৫ উইকেট হারিয়ে তখন ঘোর বিপদে ইংল্যান্ড। ওপেনার হেলস অবশ্য ততক্ষণে জমে গিয়েছেন উইকেটে। সাতে নেমে পাল্টা আক্রমণ চালান বেয়ারস্টো।

বেয়ারস্টোর এটি ঘরের মাঠ। কাউন্টি মৌসুমে কদিন আগেই এই মাঠে পর পর দুই ইনিংসে করেছেন ২৪৬ ও ১৯৮ রান। সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ছিল তার ব্যাটে। ৬০ বলে করেছেন অর্ধশতক।

হেলস অর্ধশতক ছুঁয়েছেন এর আগেই। দিনের সহজাত আক্রমণাত্মক প্রবৃত্তির সঙ্গে আপোশ করে শেষ পর্যন্ত অপরাজিত তিনি ৭১ রান করে। বেয়ারস্টো অপরাজিত ৫৪ রানে।

ষষ্ঠ উইকেটে দুজনের জুটি ৮৮ রানের। দ্বিতীয় দিনে আবার দুজন শুরু করবেন লড়াই।