২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলি-ডি ভিলিয়ার্সের ব্যাটে পিষ্ট সাকিবরা

ইডেন গার্ডেনসে ১৮০ ছাড়ানো স্কোর সবসময়ই যথেষ্ট বড় রান। কিন্তু সময়ের সেরা দুই ব্যাটসম্যান যে আছেন খুনে ফর্মে! বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 12:12 AM

Updated : 11 Oct 2022, 08:15 PM

১৮৩ রান করেও চ্যালেঞ্জ জানাতে পারেনি সাকিবের কলকাতা। বেঙ্গালুরু জিতেছে ৯ উইকেটে, বল বাকি থাকতে।

কলকাতার স্কোরে খানিকটা অবদান ছিল সাকিবের ছোট্ট ঝড়ের। ইনিংসের শেষ দিকে সুযোগ পেয়ে ১১ বলে করেছিলেন অপরাজিত ১৮।

বল হাতেও রাখতে পারতেন অবদান, যদি না প্রথম ওভারেই তার বলে ক্যাচ না ছাড়তেন গৌতম গম্ভীর। কোহলির রান তখন ৩২, সাকিবকে কাট করতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন পয়েন্টে। কিন্তু সোজা আসা ক্যাচটিও হাতে জমাতে পারেননি কলকাতা অধিনায়ক। কে জানে, তখন কোহলি বিদায় নিলে হয়ত অন্যরকম হতে পারত ফল!

শেষ পর্যন্ত ৪ ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য সাকিব।

জীবন পেয়ে আরও বিধ্বংসী হয়েছেন কোহলি। আরেক পাশে ডি ভিলিয়ার্স তো ছিলেন অপ্রতিরোধ্য।

শুরুটা অবশ্য করেছিলেন ক্রিস গেইল। এবারের আইপিএলে আগের ৫ ম্যাচ মিলিয়ে করেছিলেন ১৯ রান, সর্বোচ্চ ছিল ৭। এদিন ৪ ছক্কায় ৩১ বলে ৪৯। যে শর্ট বল বরাবরই তার যম, সেটিতেই ছিলেন দুর্দান্ত। ৭১ রানের উদ্বোধনী জুটির পর গেইল আউট হন সুনিল নারাইনের অসাধারণ এক আর্মারে।

এরপর কোহলি ও ডি ভিলিয়ার্সের আরও একটি শতরানের জুটি। এবার ৬৭ বলে অবিচ্ছিন্ন ১১৫। ৫১ বলে ৭৫ রানে অপরাজিত কোহলি, ৩১ বলে ৫৯ ডি ভিলিয়ার্স। দুজনের ইনিংসেই ৫টি চার, ৩টি ছয়; তাতে বিধ্বস্ত কলকাতা।

কোহলি গড়েছেন আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড (৭৫২)।

ক্যাচ ছাড়ার আগে ব্যাট হাতে গম্ভীর করেছেন ৩৪ বলে ৫১। তিনে নেমে ৩৫ বলে ৫০ মনিশ পান্ডে।

শেষ দিকে চোখধাঁধানো কিছু শটে আন্দ্রে রাসেল ১৯ বলে অপরাজিত ৩৯। সঙ্গে সাকিবের ওই ইনিংস। দুজনের জুটি ছিল ২৮ বলে ৫৮ রানের।

১৮৩ রানের পুঁজি ইডেনে বেশিরভাগ সময়ই নিরাপদ, তবে কোহলিদের সামনে নয়!