২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ফুটবলারের পাশে মাশরাফি-মুশফিক-তামিম

কাজী ইকরামুল বাশার (তুহিন) এক সময় মোহামেডানের মত দলের গোল সামলেছেন আস্থায়। এখন তিনি কাবু ক্যান্সারের আক্রমণে। সাবেক এই ফুটবলারকে দেখতে গিয়ে সবাইকে তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন মাশরাফি-মুশফিক-তামিমরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 07:37 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

নিজে একসময় ফুটবল খেললেও ইকরামুল বাশারের যোগসূত্র আছে ক্রিকেটের সঙ্গেও। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও এখনকার জাতীয় নির্বাচক হাবিবুল বাশারের বড় ভাই তিনি। লালমাটিয়ার বাড়িতে বাশার ভাইরা একসঙ্গেই থাকেন।

আশির দশকের শেষ ভাগ থেকে নব্বই দশকের শুরুর কয়েক মৌসুম পর্যন্ত মোহামেডানে খেলেছেন ইকরামুল বাশার। নানাসময়ে খেলেছেন ইস্ট এন্ড, আরামবাগসহ আরও কিছু ক্লাবে। ঢাকার ফুটবলে পরিচিত ছিলেন তুহিন নামে।

হাবিবুল বাশার জানালেন, অনেকটা হুট করেই ধরা পড়েছে তার ভাইয়ের ক্যান্সার।

“বেশ সুস্থই ছিলেন মেজো ভাই। মাস তিনেক আগে হজমের সমস্যা হওয়ায় ডাক্তারের কাছে নিয়ে গেলে ধরা পড়ে তার পাকস্থলীর ক্যানসার। প্রাথমিকভাবে ডাক্তাররা বলেছিলেন, অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। দ্রুত করানোও হয়। কিন্তু তার পরও ক্যান্সার ছড়িয়ে গেছে।”

রোববার দুপুরে জাতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে অসুস্থ সাবেক ফুটবলারকে দেখতে লালমাটিয়ার বাসায় গিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি জানালেন, ভেতরের তাগিদ থেকেই গিয়েছিলেন তারা।

“সুমন ভাইয়ের (হাবিবুল বাশার) বড় ভাই মানে আমাদেরও বড় ভাই। আমি অনুরোধ করব বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বিসিবি, অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ অন্যান্য প্রতিষ্ঠান ও স্পোর্টসের সঙ্গে যারা আছেন, সবাই যেন তুহিন ভাইয়ের পাশে দাঁড়ায়।”

“মোহামেডানের মত ক্লাবে খেলেছেন উনি। বাংলাদেশের ফুটবলে উনার অবদান আছে। ক্রীড়াঙ্গনের এবং এর বাইরেও বিত্তবান যারা আছেন, আমরা যে যার জায়গা থেকে যেন সবাই একটু সাধ্যমত চেষ্টা করি উনার পাশে দাঁড়াতে।”

ফুটবল দিয়ে এক সময় বিনোদন দিয়েছেন ইকরামুল বাশার। তার জীবনে আবার খুশি ফিরিয়ে আনার তাগিদ জানালেন তামিম ইকবাল।

“খেলাধূলা যা করে, তারা মানুষের জন্য অনেক খুশি বয়ে আনে। আজ তাদেরই একজন রোগে ভুগছে। আমি সবাইকে অনুরোধ করব যে যার জায়গা থেকে চেষ্টা করতে যেন এই মানুষটির জীবনে আবার খুশি ফিরিয়ে আনা যায়।”

একই অনুরোধ করলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও।

“আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই কিছু করা সম্ভব। আল্লাহর কাছে দোয়া চাইছি। আর সবাইকে অনুরোধ করছি পাশে দাঁড়ানোর চেষ্টা করতে।”

তিন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কণ্ঠ মিলিয়ে একই অনুরোধ জানালেন তাসকিন আহমেদ। মাশরাফি সবশেষে একটা অনুরোধ রাখলেন মোহামেডান ক্লাবের কাছেও।

“মোহামেডানে উনি ৫ বছর খেলেছেন। বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্লাব এটি, আগেও অনেক ভালো ভালো কাজ করেছে। আমি আশা করব, মোহামেডান ক্লাব তাদের সাবেক ফুটবলারের পাশে দাঁড়াবে।”

যারা পাশে দাঁড়াতে চান, তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট: মাহবুবা খান, ইর্স্টার্ন ব্যাংক লিমিটেড, অ্যাকাউন্ট নম্বর: ১০৫১০১০০১৬৬২২ এবং কাজী ইকরামুল বাশার, উত্তরা ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর: ৬৩৫১।