মোশাররফের অলরাউন্ড নৈপুণ্যে রূপগঞ্জের জয়
মোশাররফ হোসেনের অলরাউন্ড নৈপু্ণ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে প্রাইম দোলেশ্বরকে ৬ উইকেটে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ২ বলে ২১৬ রানে অলআউট হয়ে যায় দোলেশ্বর। জবাবে ৪৬ ওভার ২ বলে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।
আবাহনীর বিপক্ষে ৮৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার পর আবার দিক হারিয়েছেন সৌম্য সরকার। রূপগঞ্জের বিপক্ষে রান করতে পারেননি তিনি। নাসির হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শেষ হয় তার সাত বলের ইনিংস।
দলীয় ৫১ রানে ফিরে যান অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মিজানুর রহমান। তবে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৬৩ রানের জুটিতে প্রতিরোধ গড়েন মোশাররফ। রান আউট হয়ে ফিরে যাওয়ার আগে ৬৬ বলে ৫১ রান করেন মিঠুন। চলতি আসরে এটি তার তৃতীয় অর্ধশতক।
আসিফ আহমেদের সঙ্গে ৯৬ রানের আরেকটি ভালো জুটিতে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান এই ম্যাচে চার নম্বরে ব্যাট করা মোশাররফ। ৯৮ বলে খেলা তার ৮১ রানের অধিনায়কোচিত ইনিংসটি সাজানো ৭টি চার ও তিন ছক্কায়।
লিগের শুরুতেই ভিক্টোরিয়ার বিপক্ষে ক্যারিয়ার সেরা ৮৮ রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন মোশাররফ।
মোশাররফ ফিরে যাওয়ার পর বাকি কাজটুকু সহজেই সারেন আসিফ। ৫৯ বলে অপরাজিত ৫১ রানের ভালো একটি ইনিংস খেলেন তিনি।
এর আগে ১৪ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি দোলেশ্বরের। রকিবুল হাসান (২৭) ও ওপেনিং থেকে চার নম্বরে নেমে আসা রনি তালুকদার (২৫) ফিরে যান থিতু হয়ে।
কিন্তু মাত্র চার রানের মধ্যে শেষ চার উইকেট হারিয়ে সংগ্রহ আরও বড় করতে পারেনি দোলেশ্বর।
রূপগঞ্জের আবু হায়দার ও নাহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন। মোশাররফ ১০ ওভারে একটি মেডেনসহ ২৭ রান দিয়ে নেন এক উইকেট। অলরাউন্ড নৈপু্ণ্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।
এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে রয়েছে রূপগঞ্জ। রান রটে এগিয়ে দুই নম্বরে রয়েছে ভিক্টোরিয়া। ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে টানা দুই ম্যাচে হারা দোলেশ্বর। ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম দোলেশ্বর: ৪৮.২ ওভারে ২১৬ (ইমতিয়াজ ০, জিয়া ৫, রকিবুল ২৭, রনি ২৫, চতুরঙ্গা ৮৯, নাসির ১৪, রেজা ১৪, সানজামুল ২৫, রবি ১, রেজাউল ১, আল আমিন ০; হায়দার ২/২৫, নাহিদুল ২/৫২, আলাউদ্দিন ১/২২, মোশাররফ ১/২৭, তাইজুল ১/৩৮, আসিফ ১/৪০)
রূপগঞ্জ: ৪৬.২ ওভারে ২২২/৪ (মিজানুর ২৭, সৌম্য ০, মিঠুন ৫১, মোশাররফ ৮১, আসিফ ৫১*, সাজ্জাদুল ১*; রবি ১/২৯, নাসির ১/৩৫, সানজামুল ১/৪৩)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মোশাররফ হোসেন।
