২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দীর শতকে ভিক্টোরিয়ার জয়

অভিষেকের ১১ বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে শতক পেয়েছেন সোহরাওয়ার্দী শুভ। তার দৃঢ় ব্যাটিংয়ে শিরোপাধারী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৯ রানে হারিয়েছ ভিক্টোরিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 06:36 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৪ রান করে প্রাইম ব্যাংক।

শাহনাজ আহমেদের সঙ্গে ৮১ রানের জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন মেহেদি মারুফ। রান আউট হয়ে ফিরে যাওয়ার আগে সর্বোচ্চ ৬৩ রান করেন তিনি। তার ৭০ বলের ইনিংসটি গড়া ৯টি চার ও দুটি ছক্কায়।

দ্রুত ফেরেন প্রাইম ব্যাংকের আইকন খেলোয়াড় সাব্বির রহমান (২৬ বলে ১৩)। থিতু হয়েও নিজেদের ইনিংস বড় করতে পারেননি তাইবুর রহমান (৪৫) ও নুরুল হাসান (৪০)।

শেষের দিকে ২৩ বলে অপরাজিত ৩৫ রানের ঝড়ো ইনিংসে প্রাইম ব্যাংকের সংগ্রহ পৌনে তিনশ’ রানে নিয়ে যান শচিন রানা।

ভিক্টোরিয়ার এনামুল হক ও কামরুল ইসলাম রাব্বি দুটি করে উইকেট নেন।

জবাবে ভিক্টোরিয়া ৪২ ওভার ১ বলে ২ উইকেটে ২১১ রান করে। এরপর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে সে সময় জয়ের জন্য ভিক্টোরিয়ার প্রয়োজন ছিল ২০৩ রান।

আব্দুল মজিদের সঙ্গে এই ম্যাচে ইনিংস উদ্বোধন করেন সোহরাওয়ার্দী। চলতি লিগে এর আগে তিন ইনিংসে ব্যাট করেন তিনি। প্রথম দুটিতে রানই করতে পারেননি, তৃতীয়টিতে আবাহনীর বিপক্ষে করেন ৪৫ রান।

এবার শতক পেলেন সোহরাওয়ার্দী। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে ‘লিস্ট এ’ ক্রিকেটে অভিষেকের পর এই প্রথম এই ধরনের ক্রিকেটে তিন অঙ্কে পৌঁছলেন তিনি।

মজিদের সঙ্গে সোহরাওয়ার্দীর ৪৭ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত ফিরে যান মুমিনুল হক। ৫৬ রানে দুই উইকেট হারানো ভিক্টোরিয়া প্রতিরোধ গড়ে সোহরাওয়ার্দী ও আল আমিন জুনিয়রের ব্যাটে।

২৭.৩ ওভার স্থায়ী অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ১৫৫ রানের জুটি গড়েন এই দুই জনে। ম্যাচ সেরা সোহরাওয়ার্দী অপরাজিত থাকেন ১০৫ রানে। তার ১১৮ বলের ইনিংসটি ৬টি চার ও দুটি ছক্কায় গড়া। ৯০ বলে খেলা আল আমিন জুনিয়রের ৮২ রানের ইনিংসটি সাজানো ৬টি চার ও একটি ছক্কায়।

এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রয়েছে ভিক্টোরিয়া। রান রেটে পিছিয়ে তিন নম্বরে রয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। শিরাোপাধারী প্রাইম ব্যাংক তৃতীয় এই হারের পর ৬ পয়েন্ট নিয়ে আপাতত সাত নম্বরে রয়েছে। ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে মোহামেডান।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৭৪/৭ (মারুফ ৬৩, শাহনাজ ৩৬, সাব্বির ১৩, নুরুল ৪০, তাইবুর ৪৫, শুভাগত ২১, শচিন ৩৫*, ইয়াসির ৭, রুবেল ৫*; এনামুল ২/৩১, রাব্বি ২/৫৩, সোহরাওয়ার্দী ১/৫২, চতুরঙ্গা ১/৬৪)

ভিক্টোরিয়া: ৪২.১ ওভারে ২১১/২ (মজিদ ১৬, সোহরাওয়ার্দী ১০৫*, মুমিনুল ৩, আল আমিন ৮২*; শুভাগত ১/৩৩, মনির ১/৫১) 

ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৯ রানে জয়ী ভিক্টোরিয়া।

ম্যান অব দ্য ম্যাচ: সোহরাওয়ার্দী শুভ।