২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বলে তাইজুলের ছক্কায় নাটকীয় টাই

নায়ক হতে পারতেন লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম শতক পাওয়া আল আমিন জুনিয়র। হতে পারতেন ক্যারিয়ার সেরা বোলিং করা আবু হায়দার রনিও। কিন্তু নখ কামড়ানো উত্তেজনার ম্যাচে শেষ আলোটা কেড়ে নিয়েছেন তাইজুল ইসলাম। শেষে বলে ছক্কা হাঁকিয়ে তিনিই উপহার দিয়েছেন রোমাঞ্চকর ‘টাই’।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 06:50 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

ভিক্টোরিয়ার বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে জয়ের জন্য লেজেন্ডস অব রূপগঞ্জের প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম পাঁচ বলে আসে ৬ রান। কামরুল ইসলাম রাব্বির করা শেষ বলে ছক্কা হাঁকিয়ে ভিক্টোরিয়ার জয়ের স্বপ্ন ভেঙে দেন তাইজুল।

রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩১৪ রানের বড় সংগ্রহ গড়ে ভিক্টোরিয়া। তাইজুলের বীরত্বে শেষ বলে টাই করতে রূপগঞ্জও হারায় ৯ উইকেট।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের। ৫৩ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। স্কোর বোর্ডে ১২৭ রান জমা হতে আরও দুই উইকেট হারায় তারা।

নাহিদুল ইসলামের সঙ্গে ১০৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন অধিনায়ক মোশাররফ হোসেন। নাহিদ (৫৭) ফিরে যাওয়ার আলাউদ্দিন বাবুর সঙ্গে ৪৯ রানের আরেকটি কার্যকর জুটি উপহার দেন তিনি।

৫ রানের মধ্যে মোশাররফ (৮৮) ও বাবু (২২) ফিরে গেলে ম্যাচ হেলে পড়ে ভিক্টোরিয়ার দিকে। কিন্তু ১০ বলে অপরাজিত ১৭ রানের দারুণ এক ইনিংসে ম্যাচ টাই করেন তাইজুল।

৩৩ রানে দুই উইকেট হারানো ভিক্টোরিয়া বড় সংগ্রহের ভিত পায় আল আমিন জুনিয়রের ব্যাটে। ফজলে মাহমুদের (৭৩) সঙ্গে ১২৯ ও চতুরঙ্গা ডি সিলভার (৪৪) সঙ্গে ৮২ রানের দুটি ভালো জুটি গড়েন তিনি।

৪৪তম ওভারে ফেরার আগে ১০২ রানের চমৎকার এক ইনিংস খেলেন আল আমিন। তার ১১৩ বলের ইনিংসটি গড়া ১১টি চার ও একটি ছক্কায়। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার আগের সর্বোচ্চ ছিল ৩৭ রান।

শেষের দিকে ধীমান ঘোষ (৩১) ও এনামুল হকের (২৫) ঝড়ো ব্যাটিংয়ে তিনশ’ পার হয় ভিক্টোরিয়ার সংগ্রহ।

৫২ রানে ৫ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার হায়দার। তরুণ এই বাঁহাতি পেসার প্রথমবারের মতো পেলেন পাঁচ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ভিক্টোরিয়া: ৫০ ওভারে ৩১৪/৯ (মজিদ ৪, মাহমুদ ৭৩, মমিনুল ১৩, আল আমিন ১০২, ডি সিলভা ৪৪, নাদিফ ৭, ধীমান ৩১, সোহরাওয়ার্দী ০, এনামুল ২৫, ডলার ০; হায়দার ৫/৫২, বাবু ৩/৭৬)

লেজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ৩১৪/৯ (জহুরুল ৫, সৌম্য ১০, জুনায়েদ ১৪, মিঠুন ২৯, জাইদি ১০, আসিফ ২৯, মোশাররফ ৮৮, নাহিদ ৫৭, বাবু ২২, তাইজুল ১৭*, হায়দার ৮*; এনামুল ৩/৫২, ডলার ২/৫১, আল আমিন ১/৩৯, চতুরঙ্গা ১/৪৮, সোহরাওয়ার্দী ১/৪৯, রাব্বি ১/৬৯)

ফল: টাই

ম্যান অব দ্য ম্যাচ: আল আমিন জুনিয়র।