ইমতিয়াজের শতকে প্রাইম দোলেশ্বরের জয়
ইমতিয়াজ হোসেনের শতকে জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করেছে প্রাইম দোলেশ্বর। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ক্রিকেট কোচিং স্কুলকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে গত আসরের রানার্সআপরা।
অভিজ্ঞ রাজিন সালেহর নেতৃত্বাধীন ক্রিকেট কোচিং স্কুল এবার তারুণ্য নির্ভর দল গড়েছে। প্রাইম দোলেশ্বর ম্যাচ দিয়ে এই দলটির ছয় ক্রিকেটারের লিস্ট ‘এ’ অভিষেক হয় শুক্রবার।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে লড়াইয়ের পুঁজি গড়তে পারেনি ক্রিকেট কোচিং স্কুল। রেজাউল করিম (৩/২২) ও আল আমিন হোসেনের (৩/৩৬) দারুণ বোলিংয়ে ৪৯ ওভার দুই বলে ১৭৭ রানে অলআউট হয়ে যায় দলটি।
সর্বোচ্চ ৩৫ রান করা পিনাক ঘোষ, অধিনায়ক রাজিন ও সালেহ আহমেদ শাওনকে ফেরান রেজাউল। টপ অর্ডারের দুই ব্যাটসম্যান অমিত মজুমদার ও সাইফ হাসান এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান আশরাফুন নবিকে বিদায় করেন পেসার আল আমিন।
৭২ রানে পাঁচ উইকেট হারানো ক্রিকেট কোচিং স্কুল পৌনে দুইশ’ রান করে গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা সাঈদ সরকার (৩৪) ও মোহাম্মদ সাইফুদ্দিনের দৃঢ়তায়।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রনি তালুকদারের সঙ্গে ইমতিয়াজের ১০৬ রানের উদ্বোধনী জুটি প্রাইম দোলেশ্বরকে দারুণ সূচনা এনে দেয়। ২০তম ওভারে রনি (৪৭) ফিরে গেলেও পেছনে তার কোনো প্রভাব পড়তে দেননি ইমতিয়াজ ও রকিবুল হাসান।
দ্বিতীয় উইকেটে ইমতিয়াজ-রকিবুলের ৬৯ রানের জুটিতে সহজ জয়ের দ্বারে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর। অলরাউন্ডার সাইফুদ্দিনের বলে বোল্ড হওয়ার আগে শতকে পৌঁছান উদ্বোধনী ব্যাটসম্যান ইমতিয়াজ। ১৪০ বলে খেলা তার ১০০ রানের ইনিংসটি গড়া ১২টি চারে।
ইমতিয়াজের বিদায়ের পর বাকি কাজটুকু লাহিরু মিলানথাকে নিয়ে সহজেই সারেন রকিবুল (২৭*)। ২৮ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় প্রাইম দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর:
ক্রিকেট কোচিং স্কুল: ৪৯.২ ওভারে ১৭৭ (অমিত ৩, পিনাক ৩৫, সাইফ ০, সালমান ২০, রাজিন ৮, সাইফুদ্দিন ৩১, সাঈদ ৩৪, নাসুম ১২, নবি ২২, শাওন ১, আলী ১*; রেজাউল ৩/২২, আল আমিন ৩/৩৬, জিয়া ১/১৫, ফেরদৌস ১/১৯, রেজা ১/১৯, নাসির ১/২৮)
প্রাইম দোলেশ্বর: ৪৫.২ ওভারে ১৮১/২ (ইমতিয়াজ ১০০, রনি ৪৭, রকিবুল ২৭*, মিলানথা ২*; সাইফ ১/১৮, সাইফুদ্দিন ১/২৫)
ফল: প্রাইম দোলেশ্বর ৮ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ইমতিয়াজ হোসেন।
