শেখ জামালে মাহমুদউল্লাহ, আবাহনীতে তামিম, কলাবাগানে মাশরাফি
ব্যক্তিগত পারফরম্যান্সের ধারাবাহিকতা ও নেতৃত্বের সামর্থ্য মিলিয়ে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল নাম মাহমুদউল্লাহ। সেটির প্রতিফলন পড়ল ঢাকা প্রিমিয়ার লিগে প্লেয়ার্স ড্রাফটেও। লটারি ভাগ্যে আইকন ক্রিকেটারদের প্রথম ডাকার সুযোগ পেয়েই শেখ জামাল ধানমন্ডি ক্লাব দলে নিয়েছে মাহমুদউল্লাহকে।
বিস্ময়করভাবে জাতীয় দলের অনুপ্রেরণাদায়ী সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আগ্রহ তুলনামূলকভাবে ছিল কম। ১২ দলের মধ্যে লটারিতে ১১ নম্বর সিরিয়ালে থাকা কলাবাগান ক্রীড়া চক্র ডেকেছে মাশরাফিকে।
রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে আসছে ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। একই ধাপের লটারিতে আইকন ও এ প্লাস গ্রেডের ক্রিকেটারদের ডাকার সুযোগ পেয়েছিল ক্লাবগুলি।
লটারি ভাগ্যে দুইয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গত মৌসুমে মাহমুদউল্লাহর নেতৃত্বে শিরোপা জিতেছিল দলটি। এবার প্রথম সুযোগেই শেখ জামাল মাহমুদউল্লাহকে নিয়ে নেওয়ায় প্রাইম ব্যাংকে খুঁজতে হয়েছে বিকল্প। দলে নিয়েছে তারা টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভরসা হয়ে ওঠা সাব্বির রহমানকে।
চার নম্বরে সুযোগ পেয়ে আবাহনী লিমিটেড দলে নেয় তামিম ইকবালকে। এর আগে ২০০৮-০৯ মৌসুমে আবাহনীতে খেলেছিলেন বাংলাদেশের সেরা ওই ওপেনার।
আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব দলে নিয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে।
কোনো আইকন ক্রিকেটারকে নেয়নি সাবেক চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবও। লটারিতে ষষ্ঠ ক্লাব হিসেবে ডাকার সুযোগ পেয়ে ‘এ প্লাস’ গ্রেড থেকে তারা বেছে নিয়েছে স্টাইলিস ব্যাটসম্যান মুমিনুল হককে।
লিজেন্ডস অব রূপগঞ্জ পছন্দ করেছে গত বছর প্রাইম ব্যাংকের শিরোপা জয়ে বড় অবদান রাখা ওপেনার সৌম্য সরকার।
প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠে আসা গাজী গ্রুপ ক্রিকেটার্স ডেকেছে জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হককে।
তখনও পর্যন্ত কোনো ক্লাবই দলে নেয়নি মাশরাফিকে। শেষ পর্যন্ত একাদশ ক্লাব হিসেবে ডাকার সুযোগ পেয়ে জাতীয় অধিনায়ককে নেয় কলাবাগান ক্রীড়া চক্র।
কলাবাগান ক্রিকেট একাডেমি ও ক্রিকেট কোচিং স্কুল আইকন ও এ প্লাস গ্রেড থেকে কোনো ক্রিকেটার দলে রাখেননি।
ওই দুই গ্রেডের ১৩ ক্রিকেটারের ৩ জন তখনও পাননি কোনো ক্লাব। তাদের মধ্যে দুজন, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের প্রথম বারে না দল পাওয়াটা ছিল অনুমিতই। দুজনই ব্যস্ত আইপিএলে। সঙ্গে প্রথম দফায় ক্লাব পাননি মোহাম্মদ মিঠুনও।
দ্বিতীয় দফার লটারিতে অবশ্য ক্লাব পেয়েছেন তিনজনই। এবার প্রথম ডাকার সুযোগ পেয়ে আবাহনী ডাকে সাকিবকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আসা মিঠুনকে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ আর মুস্তাফিজকে মোহামেডান।
