২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজের সামর্থ্যে মুগ্ধ সানরাইজার্স কোচ মুডি

মুস্তাফিজুর রহমানের প্রতিভা ও সামর্থ্যে মুগ্ধ টম মুডি। সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের বিশ্বাস, আইপিএলে দ্রতই মানিয়ে নেবেন মুস্তাফিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 08:47 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

পুরনো খবর:

আইপিএলে মুস্তাফিজকে সতর্কভাবে সামলাতে পরামর্শ ফিজিওর

মাত্র কদিন আগেই ভারত মাতিয়ে এলেন মুস্তাফিজ। সাইড স্ট্রেইনের কারণে খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড ও সুপার টেনের প্রথম ম্যাচ। তবে ৩টি ম্যাচ খেলেই ছড়িয়েছেন আলো। নিয়েছেন ৯টি উইকেট। নিউ জিল্যান্ডের বিপক্ষে তার ২২ রানে ৫ উইকেট ছিল এই বিশ্বকাপের সেরা বোলিং।

বিশ্বকাপ চলার সময়ই দলের নতুন সদস্যের সঙ্গে দেখা করেছেন সানরাইজার্স কোচ। আইপিএলের ওয়েবসাইটকে মুডি জানালেন মুস্তাফিজকে নিয়ে ভাবনা।

“বিশ্বকাপের সময় মুস্তাফিজের সঙ্গে দেখা হয়েছে আমার। দারুণ প্রতিভাবান এক তরুণ সে। সুযোগটি নিতে সে মুখিয়ে থাকবে, চাইবে শিখতে।”

গত জুনে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে আবির্ভাবের পর থেকেই ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছেন মুস্তাফিজ। গত ফেব্রুয়ারিতে আইপিএলের নিলামে ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় সানরাইজার্স। সদ্য সমাপ্ত বিশ্বকাপে মুস্তাফিজের পারফরম্যান্স আরও আশাবাদী করে তুলেছে তার দলকে।

মুডির আলাদা করে নজর কেড়েছে বড় ম্যাচে মুস্তাফিজের ভড়কে না যাওয়া।

“ক্রিকেটের বিশাল জগতকে খুব সহজেই আপন করে নিয়েছে সে। বিশ্বকাপের মঞ্চে ও এশিয়া কাপে আমরা সেটি এর মধ্যেই দেখেছি। বড় ম্যাচের পরিস্থিতিতেও সে যথেষ্টই বেশি স্বস্তি ও খুশিতে থাকে। আমাদের পুরো বিশ্বাস আছে যে সে মানিয়ে নেবে, দ্রুতই মানিয়ে নেবে।”