আফ্রিদির জায়গায় অধিনায়ক সরফরাজ
যার নাম আলোচনায় ছিল সবচেয়ে বেশি, তিনিই পেলেন দায়িত্ব। অনুমিতভাবেই পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেলেন সরফরাজ আহমেদ।
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর গত রোববার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান শহিদ আফ্রিদি। ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই পাকিস্তানের টি-টোয়েন্টি দল পেল নতুন অধিনায়ক। মঙ্গলবার অধিনায়ক হিসেবে সরফরাজের নাম ঘোষণা করে পিসিবি।
পাকিস্তানের ভবিষ্যত অধিনায়ক হিসেবে গত কিছু দিনে অনেকবারই উঠে এসেছে সরফরাজের নাম। তার নেতৃত্বে ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। প্রথম পিএসএলে তার নেতৃত্বেই ফাইনালে খেলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সাম্প্রতিক সময়ে তিন সংস্করণের ক্রিকেটের পাকিস্তানের সবচেয়ে ধারাবাহিক পারফরমারদের একজনও তিনিই।
নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত এই উইকেটকিপার ব্যাটসম্যান জানালেন, চ্যালেঞ্জটা নিতে তিনি প্রস্তুত।
“সুযোগটি পেয়ে আমি খুবই খুশি। আমার সামর্থ্যে আস্থা রেখে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছে, এজন্য আমি সম্মানিত। কাজটি খুবই চ্যালেঞ্জিং তবে একই সঙ্গে একজন ক্রিকেটারের জীবনে সর্বোচ্চ সম্মান। নিজের যোগ্যতার প্রমাণে সর্বোচ্চটা দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।”
গত বছর থেকে পাকিস্তানের ওয়ানডে দলের সহ-অধিনায়ক সরফরাজ। আজহার আলির অনুপস্থিতিতে একটি ওয়ানডেতে অধিনায়কত্ব করার স্বাদও পেয়েছেন।
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতায় প্রবল সমালোচনা ছিল আফ্রিদির নেতৃত্ব নিয়ে। কোচ ওয়াকার ইউনুস ও ম্যানেজার ইন্তিখাব আলম নিজেদের রিপোর্টে তুলোধুনো করেছিলেন আফ্রিদিকে। এসবের মধ্যেই দায়িত্ব ছেড়ে দেন আফ্রিদি।
