২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা প্রিমিয়ার লিগের দল গঠন ১০ এপ্রিল

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্লাবগুলোর দল গঠনের দিন ঠিক করেছে লিগের আয়োজন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস বা সিসিডিএম। আগামী ১০ এপ্রিল ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতে ক্লাবগুলো দল গঠন করবে বলে জানিয়েছেন বিসিবি কর্মকর্তা জালাল ইউনুস।  

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 10:07 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

গত ডিসেম্বরে ক্লাবগুলো প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে ক্রিকেটারদের দল নির্ধারণের পক্ষে ভোট দেয়। 
 
যুগ যুগ ধরে প্রথাগত পদ্ধতিতে দলবদল হয়ে এলেও ২০১২-১৩ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে (যেটি হয়েছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে) প্রথমবারের মতো প্রবর্তন করা হয়েছিল প্লেয়ার্স বাই চয়েজ। এই পদ্ধতিতে ক্রিকেটারদের নিজস্ব পছন্দে দল বাছাইয়ের সুযোগ থাকে না। বিভিন্ন ক্যাটেগরিতে ক্রিকেটারদের ভাগ করে পারিশ্রামিক নির্ধারণ করে দেয় বোর্ড। এর পর ঠিক করা হয় ক্লাবগুলোর ক্রম। সেই অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটেগরি থেকে ক্রিকেটারদের ডেকে নেয় ক্লাবগুলো। গত বছর বিপিএলেও এই পদ্ধতিতেই নির্ধারিত হয়েছিল ক্রিকেটারদের দল। 
 
এবার ঢাকা প্রিমিয়ার লিগে এ প্লাস-২৫ লাখ, এ-২০ লাখ, বি প্লাস ১৫ লাখ, বি-১২ লাখ, সি-৮ লাখ, ডি-৫ লাখ এবং ই- শ্রেণিতে থাকা ক্রিকেটাররা সাড়ে ৩ লাখ টাকা পাবে। 
 
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জালাল ইউনুস জানান, ২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের দল গঠনের তারিখ ঠিক হয়েছে ১০ এপ্রিল। তার ১০ দিনের মধ্যে শুরু হবে লিগের খেলা। 
 
“এপ্রিল মাসের পর থেকে বৃষ্টির মৌসুম শুরু হওয়ার সম্ভাবনা আছে। এ জন্য প্রতিটা ম্যাচের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হবে।”
 
জালাল জানান, বোর্ডে আলোচনা করে ক্লাবগুলোকে অনুদানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সিসিডিএমের সভায় অনুদান ২০ থেকে ২৫ শতাংশ বাড়ানোর চিন্তা-ভাবনা হয়েছে।