২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাথুরুসিংহের সঙ্গে চুক্তি নবায়নের আভাস

চন্দিকা হাথুরুসিংহের অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ক্রমশ এক সমীহ জাগানো দলে পরিণত হচ্ছে। দলের মানসিকতায় ব্যাপক পরিবর্তন আনা এই কোচের সঙ্গে চুক্তি নবায়নের ইঙ্গিত দিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 09:46 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

২০১৪ সালের ১৯ মে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার হাথুরুসিংহেকে কোচ করার ঘোষণা দেন। সেই বছরের ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য দায়িত্ব পান হাথুরুসিংহে।

তবে দায়িত্ব নেওয়ার আগেই দলের সঙ্গে কাজ শুরু করেন হাথুরুসিংহে। সেই বছর জুনে বাংলাদেশে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নতুন শিষ্যদের সঙ্গে ছিলেন তিনি।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জালাল ইউনুস জানান, জাতীয় দলের কোচের ব্যাপারে তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

“তবে সবারই একটা মত আছে। অবশ্যই তাদের পারফরম্যান্স খুবই ভালো ছিলো দুই বছর ধরে। তো অনুমান করা যাচ্ছে, তাদের সাথে চুক্তি নবায়ন করা হবে।”

২০১৪ সালের জুনে হাথুরুসিংহে দলের সঙ্গে কাজ শুরুর পর এ পর্যন্ত টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে ৬১ ম্যাচ খেলে ৩০টিতে জিতে বাংলাদেশ। ২৪টিতে হারেন মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমরা। চারটি মাচ ড্র হয়, পরিত্যক্ত হয় তিনটি ম্যাচ।

হাথুরুসিংহের অধীনে ১০টি টেস্ট খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের দল হারে তিনটিতে এবং ড্র করে চারটিতে।

তার সময়েই টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ। প্রথমবারের মতো পৌঁছায় ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিকে এই সময়ে ওয়ানডে সিরিজে হারান মাশরাফিরা।

২৯টি ওয়ানডে খেলে ১৮টিতে জিতে বাংলাদেশ। হারে ১০টিতে, পরিত্যক্ত হয় একটি ম্যাচ।

হাথরুসিংহের অধীনেই টি-টোয়েন্টি ক্রিকেটের ভাষা বুঝতে শিখছে বাংলাদেশ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এশিয়া কাপের ফাইনালে পৌঁছায় দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে লড়াই করে হারে তার শিষ্যরা।

এই সংস্করণে ২২ ম্যাচ খেলে ৯টিতে জিতে বাংলাদেশ। হারে ১১টিতে, পরিত্যক্ত হয় দুটি ম্যাচ।

জালাল ইউনুস আভাস দেন হাথুরুসিংহের সঙ্গে পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গেও চুক্তি নবায়ন করা হবে।

২০১৪ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার স্ট্রিককে দুই বছরের জন্য মাশরাফি-রুবেল হোসেনদের কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।