বিশ্বকাপ শেষেই অবসরে ওয়াটসন
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন।
ইংল্যান্ডের বিপক্ষে গত বছরের অ্যাশেজ শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ওয়াটসন। আর গত বছরের সেপ্টেম্বর থেকে কোনো ওয়ানডে ক্রিকেট খেলেননি তিনি। তাই সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলে দেওয়া মানেই আন্তর্জাতিক ক্রিকেটকেই ওয়াটসনের বিদায়।
একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার ওয়াটসন।
ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্তটা হঠাৎই নেওয়া বলে জানান ওয়াটসন। ধর্মশালায় সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে এক সকালে ঘুম ভেঙে তার মনে হয়, ‘এটাই সঠিক সময়’!
“অস্ট্রেলিয়া দলে কাটানো সময়টা সত্যিই আমি উপভোগ করেছি। কিন্তু এটা ভিন্ন কিছু, এখানে যাদের সঙ্গে খেলে বড় হয়েছি তাদের কেউই এখন আর (দলে) নেই। আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।"
২০০২ সালের ২৪ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হওয়া ওয়াটসন ক্যারিয়ারে ৫৯টি টেস্ট ও ১৯০টি ওয়ানডে খেলেন। আর এ পর্যন্ত ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।
টেস্ট ঘরানায় ওয়াটসনের পারফরম্যান্স তেমন স্মরণীয় না হলেও সীমিত ওভারের ক্রিকেটে তিনি বরাবরই ছিলেন দলের মূল খেলোয়াড়দের অন্যতম। ওয়ানডেতে ৪০ এর উপরে গড়ে ৫ হাজার ৭৫৭ রান করা ছাড়া ১৬৮টি উইকেট নেন তিনি। আর এ পর্যন্ত টি-টোয়েন্টি ১ হাজার ৪০০ রান করেছেন ও ৪৬টি উইকেট নিয়েছেন।
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানো ওয়াটসন তিন ফরম্যাটের ক্রিকেটেই জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। সবশেষ গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে অপরাজিত ১২৪ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো অধিনায়কের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
