ভারতকে হারাল পাকিস্তানের মেয়েরা
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। বৃষ্টি বৃঘ্নিত ম্যাচে তারা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের মেয়েদেরকে ২ রানে হারিয়েছে।
প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারানো ভারতের এটা আসরে প্রথম হার। আর পাকিস্তানের এটা প্রথম জয়, নিজেদের প্রথম ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে স্কোরকোর্ডে ৫ রান তুলতেই দুটি উইকেট হারিয়ে বসে ভারত। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রানের গতিও বাড়াতে পারেনি দলটি।
জবাবে ১৬ ওভারে পাকিস্তান ৭৭ রান করার পর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। পরে বল আর মাঠে না গড়ানোয় ডাকওয়ার্থ-লুইস আইনে সানা মিরের দলের জয় নিশ্চিত হয়।
উদ্বোধনী ব্যাটার সিদ্রা আমিন ২৬ বলে ৩টি চারের সাহায্যে সর্বোচ্চ ২৬ রান করেন। আরেক উদ্বোধনী ব্যাটার নাহিদা খান দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন।
