২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্টি রোডসের প্রশংসায় রোমাঞ্চিত সৌম্য

পাকিস্তানের বিপক্ষে সৌম্য সরকারের অসাধারণ ক্যাচ দেখে মুগ্ধ জন্টি রোডস। টুইটারে দক্ষিণ আফ্রিকার এই ফিল্ডিং গ্রেটের প্রশংসায় রোমাঞ্চিত বাংলাদেশের ওপেনার।

ক্রীড়া প্রতিবেদক

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 10:05 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

বুধবার কলকাতায় বাংলাদেশের হারেও কিছু উজ্জ্বল দিকের একটি ছিল সৌম্যর ক্যাচ। আরাফাত সানির বলে মিড উইকেট সীমানায় দারুণ অনুমানশক্তি, রিফ্লেক্স ও ভারসাম্যে মোহাম্মদ হাফিজের ক্যাচ নিয়েছিলেন সৌম্য।

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের মাঝেমধ্যে এরকম ক্যাচ নিতে দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেলরাও নিয়েছেন এরকম ক্যাচ। কিন্তু বাংলাদেশের কোনো ফিল্ডারের এরকম ক্যাচ সম্ভবত এটিই প্রথম।

সৌম্যর ক্যাচ দেখে মুগ্ধ স্বয়ং জন্টি রোডস, যাকে মনে করা হয় আধুনিক ক্রিকেটের সেরা ফিল্ডার। সাবেক প্রোটিয়া ক্রিকেটার টুইট করেছেন, “গত রাতে দুই দলের ফিল্ডিংয়েই দারুণ সব ব্যাপার দেখেছি। কিন্তু সরকারের প্রচেষ্টা কী দুর্দান্তই না ছিল!”

রোডসের সেই টুইটের কথা জেনেছেন সৌম্য। বৃহস্পতিবার কলকাতা থেকে বেঙ্গালুরু এসে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাঁহাতি ওপেনার কথা বললেন তার ক্যাচ নিয়ে।

“ফিল্ডিংয়ে যখন আমি থাকি তখন সব সময় চেষ্টা করি ভালো কিছু করার বা এমন কিছু করার, যেন সবাই দেখে। চেষ্টা করি, ভালো একটা ফিল্ডিং করার বা ক্যাচ নেয়ার। ওইরকম সুযোগ কালকে এসেছিল। ক্যাচটা নিতে পেরে ভালো লেগেছে। শুনলাম জন্টি রোডসও নাকি কমেন্ট করেছে। ভালো লেগেছে জেনে।”