২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তামিমের ব্যাটিং ভয়ডরহীন’

আগের ম্যাচের ধীর-স্থির তামিম ইকবালকে আয়ারল্যান্ডের বিপক্ষে দেখা গেছে খুনে মেজাজে। শুরু থেকে প্রতিপক্ষের ওপর চড়াও হাওয়া এই উদ্বোধনী ব্যাটসম্যানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 12:40 AM

Updated : 20 Aug 2022, 12:07 PM

নেদারল্যান্ডসের বিপক্ষে সময়ের দাবি মেটাতে নিজেকে অনেকটা সামলে রেখেছিলেন তামিম। সেই বাধা ছিল না ১২ ওভারে নেমে আসে আয়ারল্যান্ড ম্যাচে। শুরু থেকে খেলেছেন দারুণ সব শট, আগ্রাসী ব্যাটিংয়ে আবার দেখিয়েছেন নিজের সামর্থ্যের প্রমাণ।

মাশরাফি মনে করেন, আয়ারল্যান্ডের বিপক্ষে তামিমের ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস তার সতীর্থদেরও অনুপ্রাণিত করবে।

“তামিম গত তিন-চার মাস ধরেই ছন্দে ছিল। গ্রুপে প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটাও আমাতের জন্য চাপের ম্যাচ ছিল। এই ম্যাচে দেখার ছিল দল কেমন করে। তামিম ভয়ডরহীন ব্যাট করেছে আজ।”

তামিম সময়ের দাবি পূরণ করা ব্যাটিংয়ে খুশি বাংলাদেশের অধিনায়ক।

“দেখে মনে হয়েছে, যে কোনো পরিস্থিতিতে তামিম যে কোনো ব্যাটিং করতে পারে।  সেদিক থেকে বলেছি যে, আজ সব মিলিয়ে আমাদের ব্যাটিং ভালো হয়েছে।”

বাংলাদেশ ইনিংসের ৮ ওভার বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। এই আট ওভারে দুই উইকেট হারিয়ে ৯৪ রান করে মাশরাফির দল।

‘আসল’ বিশ্বকাপ অর্থাৎ সুপার টেন নিশ্চিত করতে নিজেদের শেষ ম্যাচে ওমানকে হারাতে হবে মাশরাফিদের। তাই আয়ারল্যান্ড ম্যাচে যতটুকু খেলা হয়েছে তাতেই খুশি অধিনায়ক।

“আজকের ম্যাচ এ রকম ছিল যে, জিতলেও পরের ম্যাচ জিততেই হত। যেটা হয়েছে যে, ব্যাটসম্যানরা একটু আত্মবিশ্বাস পেয়েছে এই খেলাটুকু হওয়ায়। একেবারে না খেলা থেকে এটুকু হওয়ায় আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো হয়েছে। পরের ম্যাচে এই আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব।” 

আগামী রোববার প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।