শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের মেয়েদের হার
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিপর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে পেরে উঠেনি বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়ার পর ৫ উইকেটে হেরেছে আয়েশা রহমানের দল।
বৃহস্পতিবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৬ রানের মধ্যে ফিরে যান শারমিন আক্তার, আয়েশা রহমান, লতা মণ্ডল ও ফারজানা হক।
চার ওভারের মধ্যে ৪ উইকেট হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে নিগার সুলতানা ও রুমানা আহমেদের ব্যাটে। পঞ্চম উইকেটে ৪০ রানের জুটি গড়েন এই দুই জনে। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে ৯৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
শশিকলা সিরিবর্ধনের শিকারে পরিণত হওয়ার আগে ২৯ বলে ২০ রান করেন রুমানা। দলকে এগিয়ে নিতে থাকেন উইকেটকিপার-ব্যাটসম্যান নিগার। রান আউট হওয়ার আগে ৩৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি। ৩৯ বলের ইনিংসটি তার গড়া ৫টি চারে।
নিগার ফিরে যাওয়ার পর দলকে একশ’ রানের কাছাকাছি নিয়ে যান জাহানারা আলম (৮) ও সালমা খাতুন (১০*)।
১৪ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার ওশাদি রানাসিংহে।
জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার কেউ বড় ইনিংস না গড়লেও ইয়াশোদা মেন্ডিস ও ওশাধি রানাসিংহেদের নৈপুণ্যে ১৮.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
মেন্ডিস ব্যক্তিগত সর্বোচ্চ ২০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করে অপরাজিত থাকেন রানাসিংহে। এছাড়া দিলানি মানোদারা ১৭ ও এশানি অপরাজিত ১৬ রান করেন।
বাংলাদেশের রুমানা আহমেদ ৯ রান দিয়ে ৩ উইকেট নেন। সালমা খাতুন ২৩ রানে নেন এক উইকেট।
