হংকংকে হারিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
হংকংকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করেছে জিম্বাবুয়ে। ভুসি সিবান্দা ও এল্টন চিগুম্বুরার ব্যাটিং নৈপুণ্যে প্রথম পর্বের প্রথম ম্যাচে হংকংকে ১৪ রানে হারিয়েছে জিম্বাবুয়ে।
নাগপুরে ভিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত ব্যাট চালায় জিম্বাবুয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান।
সঙ্গী হ্যামিল্টন মাসাকাদজা ১৩ বলে ২০ রান করে ফিরে গেলেও দৃঢ়তার সঙ্গে খেলতে থাকেন সিবান্দা। ৪৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ ৫৯ রান করেন তিনি।
আর শেষ দিকে চিগুম্বুরার ১৩ বলের ঝড়ো এক ইনিংসে আট উইকেটে ১৫৮ রান করে জিম্বাবুয়ে। ছোট্ট এই ইনিংসে ৩টি ছক্কার সাহায্যে ৩০ রান করেন চিগুম্বুরা।
হংকংয়ের তানভির আফজাল ও আইজাজ খান ২টি করে উইকেট নেন।
জবাবে শুরু থেকেই প্রয়োজনীয় রান রেটের সঙ্গে তাল মেলাতে পারেনি হংকং। তারপরও জেমি অ্যাটকিনসনের (৪৪ বলে ৫৩) অর্ধশতকে লড়াইয়ে ছিল তারা। শেষ দিকে অধিনায়ক আফজালের ঝড়ো ইনিংসে কিছুক্ষণের জন্য জয়ের আশাও জাগিয়েছিল দলটি।
১৭ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন আফজাল।
জিম্বাবুয়ের ডোনাল্ড ট্রিপানো ও টেন্ডাই চাটারা ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫৮/৮ (হ্যামিল্টন মাসাকাদজা ২০, সিবান্দা ৫৯, মুতুম্বামি ০, উইলিয়ামস ১২, রাজা ৩, ওয়ালার ২৬, চিগুম্বুরা ৩০*, টিরিপানো ০, ওয়েলিংটন মাসাকাদজা ২, পানিয়াঙ্গারা ০*; তানভির ২/১৯, আইজাজ ২/৩৩, নাদিম ১/২৬)
হংকং: ২০ ওভারে ১৪৪/৬ (অ্যাটকিনসন ৫৩, ক্যাম্পবেল ৯, বাবর ৯, চাপম্যান ১৯, অংশুমান ১৩, তানভির ৩১*, নিজাকাত ০, আইজাজ ০*; টিরিপানো ২/২৭, চাটারা ২/২৮, রাজা ১/১০, ওয়েলিংটন মাসাকাদজা ১/৩০)
ফল: জিম্বাবুয়ে ১৪ রানে জয়ী
ম্যাচ সেরা: ভুসি সিবান্দা (জিম্বাবুয়ে)
