২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরিয়ার, শামসুরের শতক

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের শেষ দিনে শতক করেছেন শাহরিয়ার নাফীস ও শামসুর রহমান। অনুমিত ড্রই হয়েছে ম্যাচ দুটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 06:32 PM

Updated : 25 Jul 2022, 09:21 PM

উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল

শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি মাঠে ৩ উইকেটে ২৩৭ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে উত্তরাঞ্চল। ৭ উইকেটে ৩৯০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দলটি।

সর্বোচ্চ ১২৬ রান আসে আগের দিন শতক পাওয়া নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। আরিফুল হক ৭১ ও অধিনায়ক নাঈম ইসলাম ৬৫ রানের দুটি ভালো ইনিংস খেলেন।

দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক ১৬৭ রানে নেন তিন উইকেট।

৩৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শাহরিয়ারের শতকে ২ উইকেটে ১৮২ রান করে দক্ষিণাঞ্চল। এরপর ড্র মেনে নেন দুই অধিনায়ক।

১০১ রানে অপরাজিত থাকেন শাহরিয়ার। তার ১৪৭ বলের ইনিংসটি ১৪টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ। ৪৩ রান আসে এনামুল হকের ব্যাট থেকে। ২৯ রান করেন ফরহাদ রেজা।

মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে ৩৭৬ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করা পূর্বাঞ্চল অলআউট হওয়ার আগে ৪৪২ রান করে। ৭৭ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

মধ্যাঞ্চলের শরীফ উল্লাহ ৬২ রানে নেন তিন উইকেট।

শামসুরের শতকে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৯ রান করে মধ্যাঞ্চল। এরপর ড্র মেনে নেন দুই অধিনায়ক।

১২৫ রানে অপরাজিত থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর। তার ১৪৮ বলের ইনিংসটি গড়া ১১টি চার ও দুটি ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন মার্শাল আইয়ুব।