২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের টানা চতুর্থ জয়

বোলারদের দারুণ বোলিংয়ে এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ছোট লক্ষ্যই পেয়েছিল সবার আগে ফাইনাল নিশ্চিত করা ভারত। টপ অর্ডারের দৃঢ়তায় নাটকীয়তার কোনো সুযোগ রাখেনি তারা। ৫৯ বল হাতে রেখেই সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 10:16 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৮১ রানের বেশি করতে পারেনি বাছাই পর্ব পেরিয়ে আসা সংযুক্ত আরব আমিরাত।

আইসিসির সহযোগী দেশটির হয়ে একাই লড়াই করেন শাইমান আনোয়ার। সর্বোচ্চ ৪৩ রান আসে তার ব্যাট থেকে। তিনি ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল উদ্বোধনী ব্যাটসম্যান রোহান মুস্তফা (১১)।

প্রথম দুই ওভার মেডেন নেওয়া ভারতের পেসার ভুনেশ্বর কুমার ৮ রানে নেন দুই উইকেট।

জবাবে ১০ ওভার ১ বলে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টুর্নামেন্টে চতুর্থ জয় পাওয়া ভারত।

শিখর ধাওয়ানের সঙ্গে ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়া রোহিত শর্মা ফিরে যান ৩৯ রান করে। যুবরাজ সিংকে (২৫*) নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন ধাওয়ান (১৬*)।

আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

সংযুক্ত আরব আমিরাত:  ২০ ওভারে ৮১/৯ (মুস্তফা ১১, স্বপ্নিল ১, শাহজাদ ০, আনোয়ার ৪৩, উসমান ৯, আমজাদ ০, কালিম ২. তারিক ৩, নাভিদ ৫, রাজা ০*, কাদির ০*; ভুবনেশ্বর ২/৮, যুবরাজ ১/১০, পান্ডিয়া ১/১১, হরভজন ১/১১, নেগি ১/১৬, বুমরাহ ১/২৩)

ভারত: ১০.১ ওভারে ৮২/১ (রোহিত ৩৯, ধাওয়ান ১৬*, যুবরাজ ২৫*; কাদির ১/২৩)