কোহলির ভেলায় ফাইনালে ভারত
শুরুর বিপর্যয় আবারও আড়াল হলো বিরাট কোহলির ব্যাটে। নিজের সেরা সময়কে মনে করিয়ে দেওয়া সব শট খেললেন যুবরাজ সিং। সবার আগে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রান করেছিল শ্রীলঙ্কা। ভারত লক্ষ্য ছুঁয়ে ফেলে ৪ বল বাকি রেখে।
টানা তৃতীয় জয়ে রোববারের ফাইনাল নিশ্চিত করল মহেন্দ্র সিং ধোনির দল। খানিকটা সহজ হয়ে গেল বাংলাদেশের সমীকরণও। বুধবার পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ।
চোটের কারণে এদিনও শ্রীলঙ্কা পায়নি নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গাকে। ১৩৮ রানের পুঁজি নিয়ে ব্যাটিং সহায়ক ভারতকে আটকানোর সামর্থ্য ছিল না মালিঙ্গা বিহীন শ্রীলঙ্কার বোলিং আক্রমণের।
নিজের পুরোনো দিনকে মনে করিয়ে দেওয়ার প্রথম স্পেলে নুয়ান কুলাসেকেরা অবশ্য শুরুতে ধাক্কা দিয়েছিলেন ভারতকে। নিজের প্রথম ওভারেই ফেরান শিখর ধাওয়ানকে (১), পরের ওভারে রোহিত শর্মাকে (১৫)। ভারত তখন ২ উইকেটে ১৬।
কিন্তু দলের প্রয়োজনে আবারও চওড়া কোহলির ব্যাট। আগের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৮ রানে ৩ উইকেট হারানোর পর তিনি খেলেছিলেন ৪৯ রানের অসাধারণ এক ইনিংস। এই ম্যাচেও শ্রীলঙ্কার উজ্জীবিত বোলিং মুখ থুবড়ে পড়ল কোহলি-দেয়ালে।
১৮ বলে ৩৫ রান করে ফেরেন যুবরাজ। ৩টি করে চার ও ছক্কার ইনিংসে একেকটি শটে দূরে ঠেলেছেন দলে তার জায়গা নিয়ে ওঠা প্রশ্নগুলিকে।
পরে হার্দিক পান্ডিয়াকেও (২) হারায় ভারত। তবে জয় নিয়ে সংশয় জাগেনি। উইকেটে গিয়েই ছক্কা মারেন ধোনি। আরও একটি দুর্দান্ত অপরাজিত ইনিংসে কোহলি অপরাজিত ৪৭ বলে ৫৬ রানে।
ভারতের জয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন বোলাররাই। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল যথেষ্টই। আশিস নেহরা ও জাসপ্রিত বুমরাহ তবু দারুণ বোলিং করলেন নতুন বলে। লাইন-লেংথ ছিল দারুণ, মুভমেন্ট আদায় করে নিয়েছেন দুজনই।
আগের দুই ম্যাচে শ্রীলঙ্কার সর্বোচ্চ স্কোরার দিনেশ চান্দিমাল এদিনও শুরু করেছিলেন দ্বিতীয় বলেই দারুণ এক চার মেরে। তবে তৃতীয় ওভারেই নেহরাকে ক্রিজ থেকে সরে স্লগ করতে গিয়ে কটবিহাইন্ড ৪ রানে। আরেক পাশে বুমরাহ তুলে নেন তিনে নামা শিহান জয়াসুরিয়াকে (৩)।
থিতু হয়েও আউট হন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান (১৮) ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (১৮)। ৫৭ রানে তখন ৪ উইকেট নেই শ্রীলঙ্কার।
শেষ দিকে থিসারা পেরেরা (৬ বলে ১৭) ও নুয়ান কুলাসেকেরার ছোট্ট দুটি ঝড় (৯ বলে ১৩) দলের রানকে নিয়ে যান ১৪০-এর কাছাকাছি। ভারতের বুমরাহ, পন্ডিয়া ও অশ্বিন নেন দুটি করে উইকেট।
আম্পায়ারের বাজে সিদ্ধান্তে পেরেরা আউট না হলে হয়ত রান কিছু বেশি হতে পার শ্রীলঙ্কার। ১৯তম ওভারে রবিচন্দ্রশন অশ্বিনের বলে পেরেরাকে সরাসরি স্টাম্পড আউট দিয়ে দেন মাঠের আম্পায়ার শোজাব রাজা। টিভি রিপ্লেতে দেখা যায়, আউট ছিলেন না পেরেরা।
তবে মূল ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংয়ে শ্রীলঙ্কার সর্বনাশ হয়ে গেছে আসলে তার আগেই। অপ্রতিরোধ্য যাত্রায় এক ম্যাচ বাকি রেখেই ফাইনালে উঠে গেছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩৮/৯ (চান্দিমাল ৪, দিলশান ১৮, জয়াসুরিয়া ৩, কাপুগেদারা ৩০, ম্যাথিউস ১৮, সিরিবর্ধনা ২২, শানাকা ১, থিসারা ১৭, কুলাসেকারা ১৩, চামিরা ২*; অশ্বিন ২/২৬, পান্ডিয়া ২/২৬, বুমরাহ ২/২৭, নেহরা ১/২৩)
ভারত: ১৯.২ ওভারে ১৪২/৫ (ধাওয়ান ১, রোহিত ১৫, কোহলি ৫৬*, রায়না ২৫, যুবরাজ ৩৫, পান্ডিয়া ২, ধোনি ৭*; কুলাসেকারা ২/২১, শানাকা ১/৭, হেরাথ ১/২৬, থিসারা ১/৩২)
পয়েন্ট তালিকা
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | রান রেট |
ভারত | ৩ | ৩ | ০ | ৬ | +১.৪৬৭ |
বাংলাদেশ | ৩ | ২ | ১ | ৪ | +০.৪৮৩ |
শ্রীলঙ্কা | ৩ | ১ | ২ | ২ | -০.২৯২ |
পাকিস্তান | ২ | ১ | ১ | ২ | -০.৪৯৪ |
আমিরাত | ৩ | ০ | ৩ | ০ | -১.২৬৬ |
