২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোটে অনিশ্চিত মুস্তাফিজের এশিয়া কাপ

হঠাৎ পাওয়া চোটে এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে অনিশ্চিত মুস্তাফিজুর রহমান। তার জায়গায় দলে আসতে পারেন থাইল্যান্ড থেকে সোমবার দেশে ফেরা তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 06:31 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ। তবে এই ম্যাচেই পেশিতে টান অনুভব করেছেন। ব্যথা আরও বাড়ায় সোমবার বিকেলে পরীক্ষা করাতে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় বাঁহাতি পেস সেনসেশনকে।

আনুষ্ঠানিকভাবে এখনও মুস্তাফিজের অবস্থা জানানো হয়নি। তবে বিসিবির একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে মুস্তাফিজকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চায় না বোর্ড। এশিয়া কাপে মুস্তাফিজকে আর মাঠে নামানোর সম্ভাবনা সামান্যই।

সবাইকে অবাক করে তামিমের ফেরাও অনেকটা সহজ করে দিয়েছে বোর্ডের সিদ্ধান্ত। রোববারই প্রথম সন্তানের বাবা হয়েছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। সদ্যোজাত ছেলের মুখ দেখে পরদিনই ফিরেছেন দেশে। সোমবার দুপুরে দেশে ফিরেই শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে অনুশীলন করেছেন।

মুস্তাফিজের জায়গায় এশিয়া কাপের স্কোয়াডে তামিমকে নেওয়ার সম্ভাবনা তাই জোড়ালো। এসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি পেলে সোমবারই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

পুরনো খবর:

এশিয়া কাপ শেষ মুস্তাফিজের, ফিরলেন তামিম