২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আতঙ্কিত হয়েই হেরেছে পাকিস্তান'

খেলোয়াড়ি জীবনে বেশ কবারই ভারত-পাকিস্তান ম্যাচের নায়ক হয়েছে আকিব জাভেদ। এবার খেলা দেখেছেন মাঠের বাইরে থেকে। সংযুক্ত আরব আমিরাতের কোচ ও সাবেক পাকিস্তানি পেসারের মতে, ভারতের বিপক্ষে হারের ভয়েই হেরে গেছে পাকিস্তান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 06:09 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শনিবার পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচের ফলাফল যেমন বলছে, ম্যাচটি ছিল তার চেয়েও এক তরফা। রান তাড়ার শুরুতে খানিকটা হোঁচট খাওয়া বাদ দিলে ভারত জিতেছে অনায়াসেই।

রোববার মিরপুর একাডেমি মাঠে আমিরাতের অনুশীলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আকিব কথা বললেন ভারত-পাকিস্তান লড়াই নিয়ে। সাবেক এই পাকিস্তানি পেসারের উপলব্ধি, তার দেশ হেরেছে মানসিকতায়।

“পাকিস্তানের হারের মূল কারণ আতঙ্কিত হওয়া। হারের ভয় ঢুকে পড়া। ক্রিকেট খেলাটা যতটা না স্কিলের, তার চেয়ে বেশি মাথা আর মনোবলের। আমাদের ক্রিকেটাররা এখানেই হেরে গেছে।”

শুধু এই ম্যাচেই নয়, ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের জয়ই এখন মোটামুটি নিয়মিত দৃশ্য। টি-টোয়েন্টিতে দুই দলের ৭ ম্যাচে পাকিস্তানের জয় একটি, ভারতের ৫টি; একটি টাই। ওয়ানডেতেও ২০১০ সাল থেকে দুই দলের ৯ ম্যাচে ৬টিই জিতেছে ভারত।

অথচ আকিবের খেলোয়াড়ি জীবনে দৃশ্যপট ছিল উল্টো। পাকিস্তানই ছিল তখন এগিয়ে। আকিব নিজেও গড়ে দিয়েছে বেশ কটি ম্যাচের ভাগ্য। ভারতের বিপক্ষে তার ৩৭ রানে ৭ উইকেট ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল দীর্ঘদিন। ওই ম্যাচে আকিবের হ্যাটট্রিককে বিবেচনা করা হয় ওয়ানডের অন্যতম সেরা হ্যাটট্রিক। টানা তিন বলে আউট করেছিলেন রবি শাস্ত্রী, মোহাম্মদ আজহারউদ্দিন ও শচিন টেন্ডুলকারকে।

ভারতের বিপক্ষে আরও ২ বার ৫ উইকেট পেয়েছেন আকিব, একবার চার উইকেট। ক্যারিয়ারে ৬ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, চারবারই ভারতের বিপক্ষে।

কিন্তু এখন পাল্টে গেছে পাশার দান। মানসিকতার বদলটাও ব্যখ্যা করলেন আকিব।

“আমাদের সময় ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমরা তেমন কিছু ভাবতামই না। জানতাম আমরা মাঠে নামব আর ওদের স্রেফ উড়িয়ে দেব। এখন ম্যাচের আগে দলের ভেতর ক্রিকেট ছাড়াও আরও অনেক কিছু ঢুকে পড়ে। সবাই বাড়িতে ফোন করে, বাবা-মা, বন্ধু-বান্ধবের কাছে দোয়া চায়। এই করতে হবে, সেই করতে হবে, এসব ভাবে।”

“এখনকার ক্রিকেটাররা আগেই অনেক চাপ নিয়ে নেয়। আমাদের সময় আমরা এসব ভাবতামই না। আমাদের সেই মানসিকতা এখন আমাদের ভারতীয় দলে দেখি। এরা চাপ নেয় না, চাপে ভেঙে পড়ে না।”